২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ছাত্রলীগ নেতাকর্মীর ওপর হামলা: দু'টি মামলা, একজন গ্রেপ্তার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগ নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় দু'টি মামলা হয়েছে। এর মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

রাজশাহী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগ নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় দু'টি মামলা হয়েছে। এর মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রলীগ কর্মী আল আমীন ও আহসানুল্লাহ রাসেল ছাত্রদলের ১৮ জনকে আসামি করে শুক্রবার রাতে নগরীর মতিহার থানায় মামলা দুটি করেন। দুই মামলার আসামিরা হলেন- ছাত্রদলের শরীফ, রাসেল, ছোটন, আহম্মেদ, টিপু, লালন, সোহাগ, সুষম, এমদাদ, রনি, সুজন, বাপ্পী, শিহাব, সায়েম, সাদি, কৌশিক, দিদার ও নুহিল। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান জানান, থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে শরীফ নামের এক আসামিকে। ছাত্রলীগ কর্মী উৎপল, রাজীব, নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হলে ভাংচুর-অগ্নিসংযোগ ও মারামারির ঘটনায় জিয়াউর রহমান হলের প্রভোস্ট রফিকুল আলম বেগ ছাত্রলীগের ছয় কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। কেন হল থেকে তাদের বহিস্কার করা হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে নোটিশে। তারা জানান, এই নোটিশ প্রত্যাহার করার দাবি জানিয়েছে ছাত্রলীগ। এর আগে হামলার প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগ ছয় দফা দাবি জানায়। ২৩ জুনের মধ্যে কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার এবং ছয়দফা দাবি মেনে না নিলে মঙ্গলবার থেকে ছাত্রলীগ লাগাতার ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.