২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি হচ্ছে

নগরীর জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর চেয়ারম্যানকে প্রধান করে শিগগিরই একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

চট্টগ্রাম, জুন ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর চেয়ারম্যানকে প্রধান করে শিগগিরই একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সমন্বয় কমিটিতে সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা থাকবেন। কমিটি জলাবদ্ধতা দূর করতে চলমান কার্যক্রমের পাশাপাশি নতুন পরিকল্পনা গ্রহণ ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে। তবে কতজনকে নিয়ে কমিটি হবে এবং কমিটির কার্যক্রম কি হবে সে বিষয়টি চউক'র চেয়ারম্যান ও সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ঠিক করবেন। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে নগরীর জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে যোগাযোগ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে সরকার সব ধরনের কার্যকর উদ্যোগ নেবে। উপদেষ্টা জানান, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ছাড়াও কর্ণফুলী নদী খনন, চট্টগ্রাম শহর ও আশেপাশের এলাকায় নতুন খাল খনন ও পুরনো খাল সংস্কার এবং বিদ্যমান খালের পানি প্রবাহ ঠিক রাখতে বিভিন্ন বাধা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। জলাবদ্ধতা থেকে চট্টগ্রামবাসীকে মুক্তি দিতে স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা উপদেষ্টাকে জানিয়েছেন, নগরীর কর্ণফুলী নদী অংশের খালগুলোর মুখ ভরাট হয়ে যাওয়ায় ঠিক মতো পানি অপসারিত হচ্ছে না। এছাড়া জোয়ারের পানি ঢুকে পড়ার কারণেও অবস্থার অবনতি হয়ে থাকে। এ অবস্থা নিরসনে কর্ণফুলী নদী খনন, খালগুলোর মুখে স্লুইস গেট ও রেগুলেটর নির্মাণ করা প্রয়োজন। এ বর্ষায় যাতে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ না করে সেজন্য স্বল্প মেয়াদী ব্যবস্থা হিসেবে দ্রুত কর্ণফুলী নদী খননের জন্য বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা, চাক্তাই খাল ও মহেশ খালে দুটি স্লুইস গেট ও দুটি রেগুলেটর নির্মাণ, চাক্তাই খালের ১৪টি ছোট কালভার্টকে চওড়া করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। এছাড়া বৈঠকে সমন্বয় কমিটিকে এসব বিষয় সরেজমিনে পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নগরীর ভূ-প্রাকৃতিক গঠন ঠিক রাখতে যত্রতত্র বহুতল ভবন নির্মাণের অনুমতি না দেওয়ার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দেন উপদেষ্টা। বৈঠকে শিক্ষা ও যোগাযোগ উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, পানি উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল আলম তরফদার, বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, চউক চেয়ারম্যান শাহ মুহাম্মদ আকতার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা একে এম খায়রুল আলমসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমএসবি/২০১১ ঘ.