ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর প্রতি অভিমান করে আড়াই বছরের সন্তানকে আছড়ে মেরেছে এক মা। রাজধানীর আদাবর শেখেরটেকে বৃহস্পতিবার ঘটে এমন ঘটনা।
নিহত সুবর্ণার মা মিনারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, পারিবারিক কলহের কারণে সুবর্ণার বাবা আওলাদ হোসেন সকালে বাজারের টাকা না দিয়েই বের হয়ে যায়। দুপুরে সুবর্ণা ক্ষুধায় কান্নাকাটি শুরু করলে এক পর্যায়ে মিনারা বেগম তাকে আছাড় মেরে হত্যা করে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখেরটেকের ৫ নম্বর সড়কের ৮০ নম্বর বাসায় বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মিনারার উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, "তার স্বামী আওলাদ হোসেন প্রাইভেট কার চালক। গত কয়েক দিন ধরে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার সকালে সে বাজারের টাকা না দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। দুপুরে সুবর্ণা ক্ষুধায় কান্নাকাটি শুরু করলে মিনারা 'তোর বাপের কাছে চা' বলে মেয়েকে তুলে মেঝেতে আছাড় দেয়।"
আঘাতের পর সুবর্ণা নিস্তেজ হয়ে পড়লে মিনারা তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মিনারার স্বামী আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার আগের পক্ষের স্ত্রীর এক ছেলে ও মেয়ে রয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি মিনারাকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর ছেলেটি তার দাদির কাছে থাকলেও মেয়েটি তার সঙ্গেই রয়েছে। এই মেয়েকে মেনে নেয়নি মিনারা। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।
আওলাদ হোসেন জানান, মিনারা মানসিকভাবে পুরোপুরি সুস্থ। তবে ৩ দিন আগে তার সঙ্গে মিনারার ঝগড়া হয়েছিল। এর জের ধরে বৃহস্পতিবারের ঘটনা ঘটতে পারে।
পুলিশ জানায় ময়নাতদন্তের জন্য সুবর্ণার লাশ মর্গে পাঠানো হয়েছে। আওলাদ হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/এমএইচবি/২২৫১ ঘ.
bdnews24