ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর ও সিলেটে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানায়, সকালে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের বাসাইল উপজেলার পাটখাগুড়িতে একটি লরি পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে দুজন নিহত হন।
এরা হলেন- ট্রাক চালকের সহকারী সাইফুল ইসলাম (২৫) ও লরি চালক আফাজ উদ্দিন (৪৩)।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ট্রাক পাটখাগুড়ি স্থানে এসে চাকা মেরামত করছিল। এ সময় প্রাণ দুধের একটি লরি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালকের সহকারী সাইফুল ইসলাম (২৫) নিহত হন।
আহত অবস্থায় লরির চালক আফাজ উদ্দিনকে (৪৩) মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে বাসাইল থানায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা থেকে আসা কিশোরগঞ্জমুখী এগারসিন্ধুর ট্রান্সপোর্টের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-২৮৭৫) দুপুর ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার থানাঘাট এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাস চালক মিলন (৩৫) ও যাত্রী জহিরুল (৩৬) মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, দুর্ঘটনায় আহত ১৫ জনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিশোরগঞ্জ আধুনিক হাসপাতাল ও ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি আহতদের পরিচয় জানাতে পারেননি।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার অভিযান শুরু করে বলেও তিনি জানান।
ফরিদপুর প্রতিনিধি জানান, দুপুর সাড়ে ৩টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের ধুলদী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হয় বাসের সুপারভাইজার আবুল (৩৫)।
ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) সুখদেব রায় জানান, দুর্ঘটনায় আহত অপর পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটিকে খাদ থেকে উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
সিলেট প্রতিনিধি জানান, সিলেট-গোলাপগঞ্জ সড়কের এওলাটিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও একজন ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ বাসযাত্রী।
নিহতরা হলেন- ট্রাকচালক ফয়সল আহমদ (৩২) ও চালকের পাশের আসনে বসা পাথর ব্যবসায়ী হেলাল আহমদ (৪৫)।
গোলাপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মহিদুল জানান, সকাল ১০টায় সিলেটমুখী পাথরবোঝাই ট্রাক (নারায়ণগঞ্জ-ড-০২০০৯৮) এবং বিপরীত দিক থেকে আসা বাসের (সিলেট-জ-১১-০৭৫০) সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ওই দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ১০ বাসযাত্রী। এদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১১২ ঘ.
bdnews24