ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ চারটি সিটি করপোরেশন ও নয়টি পৌরসভার নির্বাচনী তফসিল শুক্রবার ঘোষণা করবে নির্বাচন কমিশন।
নির্বাচনী এলাকাগুলো হচ্ছে- সিলেট, বরিশাল, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন এবং নওহাটা (রাজশাহীর পবা), দুপচাঁচিয়া (বগুড়া), চুয়াডাঙ্গা সদর, শ্রীপুর, মানিকগঞ্জ সদর, ফুলবাড়িয়া (ময়মনসিংহ), শরীয়তপুর সদর, গোলাপগঞ্জ (সিলেট) ও সীতাকুণ্ড (চট্টগ্রাম) পৌরসভা।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকাল (শুক্রবার) দুপুরে নির্বাচন কমিশনারদের বৈঠক শেষে সচিবালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে।"
"এর মাধ্যমে দেশ নির্বাচনমুখী হবে। নির্বাচনী প্রক্রিয়া শুরুর মাধ্যমে কমিশনের বিভিন্ন পদক্ষেপগুলো বাস্তবানের প্রক্রিয়াও শুরু হবে।" এ মন্তব্য করে অন্য পৌরসভা ও ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ পরে ঘোষণা হবে জানান ছহুল হোসাইন।
২০০২ সালের ২৫ এপ্রিল খুলনা ও রাজশাহী সিটি করপোরেশন এবং ২০০৩ সালের ২০ মার্চ সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন হয়। দেশে বর্তমানে ছয়টি সিটি করপোরেশন ও ৩০৮টি পৌরসভা রয়েছে।
গত ১৪ মে 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০০৮' ও 'স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ, ২০০৮' জারির পর ওই অধ্যাদেশের সঙ্গে সমন্বয় করে 'স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা, ২০০৮' ও 'নির্বাচনী আচরণ বিধিমালা, ২০০৮' প্রণয়ন করে নির্বাচন কমিশন।
২০০৭ এর ১১ জানুয়ারির পটপরিবর্তনের পর ফেব্র"য়ারিতে এ টি এম শামসুল হুদার নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্বভার নেয়। ওই বছরের ১৫ জুলাই জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে কমিশন। ঘোষিত রোডম্যাপে এ বছরের শুরু থেকে সিটি ও পৌর নির্বাচন হওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২১১০ ঘ.
bdnews24