ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প বাস্তবায়নে একটি হোল্ডিং কোম্পানি গঠনের মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।
যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বৃহস্পতিবার বলেছেন, কোম্পানির গঠন প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় চূড়ান্ত করার জন্য যোগাযোগ মন্ত্রণালয় ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে একটি প্রস্তাব চূড়ান্ত করে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কার্যালয় সেতু ভবনে এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে গোলাম কাদের সাংবাদিকদের বলেন, "এর আগে পদ্মা সেতু বাস্তবায়নে বিদেশি সহায়তার বাইরে সরকারিভাবে ছয় হাজার কোটি টাকা অর্থায়নের প্রস্তাব করা হয়েছিল। এই অর্থ সংস্থানের জন্য
যমুনা সেতুর তহবিল থেকে অর্থ নেয়া, যমুনা সেতুর টোলের বিপরীতে সিকিউরিটাইজেশন, লেভি বা সারচার্জ আরোপ, সরকারি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) উন্নয়ন বরাদ্দ এবং 'বিল্ড এন্ড অপারেট (বিওটি)' পদ্ধতিতে অর্থ সংগ্রহের প্রস্তাব করা হয়েছিল।"
সভায় এসব প্রস্তাব নাকচ করে দিয়ে একটি হোল্ডিং কোম্পানি গঠনের মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
যোগাযোগ উপদেষ্টার সভাপতিত্বে যোগাযোগ সচিব মাহবুবুর রহমান, সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খান এম ইব্রাহিম, পরিকল্পনা কমিশনের সদস্য এম নাসিরউদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমিনুল ইসলাম ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২০২৯ ঘ.
bdnews24