ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ওসমানী উদ্যানের প্রায় তিন একর জমির দখল এক ব্যক্তির কাছে ছেড়ে দেওয়ার হাইকোর্টের রায় বৃহস্পতিবার স্থগিত করেছে আপিল বিভাগ।
বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার, ঢাকা সিটি করপোরেশন ও রেলওয়ের করা তিনটি আপিলের আবেদন (লিভ টু আপিল) গ্রহণ করে এ আদেশ দেয়।
আদেশের ফলে ওসমানী উদ্যানের জমির দখল আপাতত হস্তান্তর হবে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিটি করপোরেশনের আইনজীবী ড. এম জহির।
গত বছর ১৮ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ রায়ের কপি পাওয়ার সাত দিনের মধ্যে ওসমানী উদ্যানের দুই দশমিক ৮১৭২ একর (প্রায় ৯ বিঘা) জমি জনৈক মনোয়ারা বেগমের কাছে হস্তান্তরের জন্য সরকার ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়।
জমির দখল হস্তান্তরের জন্য গত বছর ৫ মে হাইকোর্টে রিট করেন মনোয়ারা বেগম। তিনি দাবি করেন, জনৈক সৈয়দ জামিল হাসানের কাছ থেকে সোলেনামা করে তিনি জমিটির মালিক হন। কিন্তু ওই সোলেনামা বাতিল হয়। মনোয়ারা বলেছেন, ১৯৯৩ সালে নিম্ন আদালতের মামলার ডিক্রিমূলে ১৯৯৪ সালে তার নামে জমিটি নিবন্ধিত হয় এবং ১৯৯৬ সালে তিনি এর দখল পান।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি করেন সিটি কর্পোরেশনের পক্ষে ড. এম জহির, রেলওয়ের পক্ষে শাহেদ আলম ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব।
মনোয়ারা বেগমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও আজমালুল হোসেন কিউসি।
নিম্ন আদালতের রায়ে দখল পাওয়া জমিতে পাঁচ তারকা হোটেল নির্মাণের আবেদন করেছিলেন মনোয়ারা বেগম। বিনিয়োগ বোর্ড ২০০০ সালের ২১ মার্চ ওই আবেদন অনুমোদন করে। এরপর রাজউকও প্রয়োজনীয় অনুমোদন দেয়। তবে বিনিয়োগ বোর্ড ও রাজউক পরে অনুমোদন বাতিল করলে ২০০১ সালে হাইকোর্টে একটি রিট করেন মনোয়ারা।
তবে রিটের পাশাপাশি তিনি ও তার স্বামী অ্যাডভোকেট এম এ খালেক উদ্যানের কিছু গাছ কেটে ফেলায় হাইকোর্ট তাদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। ২০০৬ সালে হাইকোর্ট মনোয়ারা বেগমের রিটটি খারিজও করে দেয়। এ ঘটনায় মনোয়ারা বেগম হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে আদালত তা গ্রহণ করে।
সর্বশেষ জমির দখল হস্তান্তরের জন্য গত বছর ৫ মে হাইকোর্টে আরেকটি রিট করেন মনোয়ারা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৮৫৭ঘ.
bdnews24