২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঙ্গার পানির প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়ে সরকারকে হাইকোর্টের রুল

গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী পানির প্রাপ্যতা নিশ্চিত করার পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- বৃহস্পতিবার সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন, ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী পানির প্রাপ্যতা নিশ্চিত করার পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- বৃহস্পতিবার সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও কনভেনশন অনুযায়ী জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে চুক্তিটি পুনর্বিবেচনার পদক্ষেপ নিতে এবং পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা হিসেবে গঙ্গা-পদ্মা ব্যারেজ নির্মাণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানাতে বলা হয়েছে সরকারকে। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির সচিব, পরিবেশ ও বন সচিব, পানি সম্পদ সচিব এবং দুর্যোগ ও ত্রাণ সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এম কে মুরাদুজ্জামান ও ফারুক হোসেনের করা একটি জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। রিটকারীর পক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম শুনানিতে বলেন, ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ চুক্তি অনুযায়ী প্রতিটি মাসকে তিনটি ভাগে ভাগ করে প্রতি ভাগে বাংলাদেশের ৬৭ হাজার ৫১৬ কিউসেক পানি পাওয়ার কথা। কিন্তু এ বছর জানুয়ারির প্রথম দশ দিনে বাংলাদেশ ৫৫ হাজার ৫৫৬ কিউসেক পানি পেয়েছে। তিনি বলেন, বাস্তবতার আলোকে প্রতি পাঁচ বা দুই বছর পরপর চুক্তিটি পর্যালোচনা করার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে একতরফাভাবেও এ পর্যালোচনা প্রস্তাব করারও সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। কিন্তু একযুগ পেরিয়ে গেলেও চুক্তির পর পর্যালোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অ্যাডভেকেট তাজুল বলেন, ভারত চুক্তির শর্ত লঙ্ঘন করে বাংলাদেশের ন্যায্য হিস্যা না দিয়ে প্রতিবছর ফারাক্কা বাঁধের মাধ্যমে পানি প্রত্যাহার করে নেয়। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইদ্রিস খান। গঙ্গার পানি চুক্তি অনুযায়ী বাংলাদেশের পানির প্রাপ্যতা নিশ্চিত করার দাবিতে এম কে মুরাদুজ্জামান ও ফারুক হোসেন গত ৮ জুন এ রিট আবেদন করেন। পানি বন্টন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করতে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ-ভারত ত্রিশ বছর মেয়াদী গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জেকে/এসকে/১৭৪৬ঘ.