২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

টাঙ্গাইল ও কিশোরগঞ্জে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে সকালে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের বাসাইল উপজেলার পাটখাগুড়িতে একটি লরি পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে দুজন নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 10:19 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও কিশোরগঞ্জে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে সকালে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের বাসাইল উপজেলার পাটখাগুড়িতে একটি লরি পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে দুজন নিহত হন। দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল দুজন মারা যান। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, নিহতরা হলেন- ট্রাক চালকের সহকারী সাইফুল ইসলাম (২৫) ও লরি চালক আফাজ উদ্দিন (৪৩)। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ট্রাক পাটখাগুড়ি স্থানে এসে চাকা মেরামত করছিল। এ সময় প্রাণ দুধের একটি লরি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালকের সহকারী সাইফুল ইসলাম (২৫) নিহত হন। আহত অবস্থায় লরির চালক আফাজ উদ্দিনকে (৪৩) মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে বাসাইল থানায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা থেকে আসা কিশোরগঞ্জমুখী এগারসিন্ধুর ট্রান্সপোর্টের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-২৮৭৫) দুপুর ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার থানাঘাট এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস চালক মিলন (৩৫) ও যাত্রী জহিরুল (৩৬) মারা যান। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, দুর্ঘটনায় আহত ১৫জনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিশোরগঞ্জ আধুনিক হাসপাতাল ও ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি আহতদের পরিচয় জানাতে পারেননি। দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার অভিযান শুরু করে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬১৭ ঘ.