২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের গুলিতে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুইজন আহত

রাজধানীর লালমাটিয়ায় বুধবার সন্ত্রাসীদের গুলিতে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী ও তাকে বহনকারী গাড়ির চালক আহত হয়েছেন। তবে কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 06:09 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালমাটিয়ায় বুধবার সন্ত্রাসীদের গুলিতে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী ও তাকে বহনকারী গাড়ির চালক আহত হয়েছেন। তবে কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। আহতরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসনের ছাত্রী ইশতি আরা শামা তিতলি (২১) ও গাড়ি চালক হিরণ শেখ (৪০)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিতলি দৈনিক প্রথম আলোর প্রদায়ক প্রতিবেদক হিসেবে কাজ করেন। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক জসীমউদ্দীন জানান, তিতলির পায়ে এবং হিরণের বুকে গুলি লেগেছে। জসীমউদ্দীন জানান, লালমাটিয়ার সি ব্লকে সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে বিকট শব্দে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে যায় এবং চালক হিরণ বুকে গুলিবিদ্ধ হন। ওই অবস্থাতেই তিনি গাড়ি চালিয়ে স্থানীয় একটি হাসপাতালে যান। পরে তাদের দু'জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তিতলিকে কোনও একটি বেসরকারি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। তবে কোথায় নেয়া হয়েছে তা ওই পুলিশ কর্মকর্তা জানাতে পারেননি। জসীমউদ্দীন জানান, তিতলির বাবা মির্জা আলী পূবালী ব্যাংকের মহা ব্যাবস্থাপক (জিএম)। গাড়িটি ব্যাংক থেকে তার ব্যবহারের জন্য বরাদ্দকৃত। গাড়ির চালক হিরণও পূবালী ব্যাংকের কর্মচারী। মির্জা আলীর বাসা লালমাটিয়ার বি ব্লকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২৩৫৬ ঘ.