২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যত্রতত্র দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিষিদ্ধ হচ্ছে

দেওয়াল, দালান, সড়কদ্বীপ, যানবাহন ও অন্য কোনো স্থাপনায় নির্বাচনী প্রচারণামূলক লিখন বা অঙ্কন বা পোস্টার লাগানো নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী প্রচারণা ছাড়াও আগামীতে যত্রতত্র দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিষিদ্ধ করে আইন প্রণয়ণের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে ইসি। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেওয়াল, দালান, সড়কদ্বীপ, যানবাহন ও অন্য কোনো স্থাপনায় নির্বাচনী প্রচারণামূলক লিখন বা অঙ্কন বা পোস্টার লাগানো নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী প্রচারণা ছাড়াও আগামীতে যত্রতত্র দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিষিদ্ধ করে আইন প্রণয়ণের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে ইসি। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী। স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধিমালা, ২০০৮ এ নির্বাচনী প্রচারণায় এসব বিধি নিষেধ আরোপ করা হয়। বিধিলঙ্ঘনে জরিমানাসহ সর্বোচ্চ প্রার্থিতা বাতিলের শাস্তি রাখা হয়েছে। এছাড়া সড়ক- নৌ পথে কোনো মিছিল কিংবা শোডাউন করে মনোনয়নপত্র দাখিলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিষিদ্ধ হচ্ছে। কয়েকদিনের মধ্যে তা প্রজ্ঞাপন হচ্ছে। পাশপাশি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য অনুরূপ নিষেধাজ্ঞা থাকবে আচরণবিধিতে।" বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (স্থানীয় সরকার) আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসন্ন সিটি ও পৌর নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের 'আচরণ বিধিমালার ২০০৮'-এর গেজেট প্রকাশ করা হয়েছে। সিটি ও পৌর এলাকায় দালান, দেওয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা দণ্ডায়মান বস্তুতে; সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনায় এবং বাস, ট্রাক, ট্রেন, স্টিমার লঞ্চ, রিকশা কিংবা অন্য যানবাহনে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল লাগাতে নিষেধাজ্ঞা থাকলেও দেশের অন্য যে কোনো স্থানে এসব প্রচারপত্র ঝুলাতে কোনো বাধা নেই। কিছু শৈথিল্য রেখে নির্বাচনের সময়ের বাইরে যত্রতত্র দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিষিদ্ধ করতে সরকারের কাছে ইতোমধ্যে 'দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০০৮ এর খসড়া' উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি। নির্বাচন কমিশনার বলেন, "নির্বাচনের সময়ই আমরা আচরণ বিধি প্রয়োগ করতে পারব। কিন্তু অন্য একটি আইন থাকলে সারাবছরই এ বিষয়টি নিয়ন্ত্রণে রাখা যাবে। এক্ষেত্রে সরকার আগামীতে এ অধ্যাদেশ জারি করলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তা দেখভালের সুযোগ থাকবে।" অধ্যাদেশে ভ্রাম্যমান আদালতের মাধ্যমেও এ অপরাধের বিচারের বিধান রাখা হয়েছে। দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- এ বলা হয়েছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেওয়াল লিখন বা পোস্টার লাগানো হলে অপরাধের জন্য দায়ী ব্যক্তি, সংস্থা, সুবিধাভোগীর বিরুদ্ধে মোবাইল কোর্ট নিজ উদ্যোগে অপরাধ আমলে নিয়ে অন্যুন ১০ হাজার টাকা এবং অনুর্ধ্ব ৫০ হাজার টাকা অর্থদণ্ড করতে পারবে। জরিমানা আদায় না হলে দায়ী ব্যক্তি বা সুবিধাভোগীর বিরুদ্ধে কোর্ট অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিতে পারবে। নির্বাচন কমিশনার জানান, দেওয়াল যানবাহন ইত্যাদিতে কোন প্রকার বিজ্ঞাপন লিখন কিংবা পোস্টার লাগানো বা সেঁটে দেওয়া নিষিদ্ধ থাকলেও কোনো কোম্পানির বা প্রতিষ্ঠানের নিজস্ব যানবাহনে নিজস্ব পণ্যের কিংবা অন্য কোনো যানবাহনে অনুমতি সাপেক্ষে এবং বিজ্ঞাপনের জন্য পোস্টার ব্যবহার নিষিদ্ধ নয়। এছাড়া কোনো ব্যক্তি বা কোম্পানি বা প্রতিষ্ঠানে অন্য কারো মালিকানাধীন দেওয়ালে লিখিত চুক্তি সাপেক্ষে ও বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য লিখন নিষিদ্ধ থাকবে না। নতুন জারিকৃত নির্বাচনী আচরণ বিধিমালায় নির্বাচনী প্রচারণা, নির্বাচনী ব্যয়সীমা এবং আচরণবিধি ভঙ্গের বিষয়ে তদন্ত করাসহ বেশ কিছু বিধিবিধান রয়েছে। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "নতুন আইন ও বিধির বিষয়ে প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের সচেতন করতে মাঠপর্যায়ে কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষকদের (উপ নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন অফিসার) প্রশিক্ষণও সম্পন্ন করা হয়েছে।" স্থানীয় ও জাতীয় নির্বাচনের জন্য নতুন নির্বাচনী আইন-বিধির বিষয়ে সচেতনতার পাশাপাশি নির্বাচন কমিশন আইন প্রয়োগেও কঠোরতা থাকবে বলে জানান এই নির্বাচন কমিশনার। আগামী জুলাইয়ে চার সিটি করপোরেশন ও নয় পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। উল্লেখ্য, সিইসি ও অপর দুই নির্বাচন কমিশনার ১৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোয় সফরে রয়েছেন। এসময় তারা স্থানীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নতুন আইন-বিধি নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি, কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও নির্বাচনী আসনের শুনানি কাজে ব্যস্ত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমএ/১৯১৫ ঘ.