ঢাকা. জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি নিয়ে কোনও জটিলতা নেই জানিয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, এ ক্ষেত্রে আইনগত বিভিন্ন দিক পর্যালোচনা করতে কিছুটা সময় লাগছে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি হলেও খালেদার মুক্তিতে দেরি হওয়ার কারণ জানতে চাওয়া হলে গোলাম কাদের বলেন, "খালেদা জিয়ার মুক্তি নিয়ে বর্তমানে কোনও জটিলতা নেই। তবে আইনগতসহ বিভিন্ন দিক পর্যালোচনা করতে গিয়ে কিছুটা সময় লাগছে। এটাকে দেরি বলা যায় না।"
দুই ছেলেকে জিম্মি করে সরকার খালেদাকে বিদেশে পাঠাচ্ছে- এ অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "যারা এ ধরনের অভিযোগ করছেন, তারা ভুল বলছেন। এমন কোনও প্রক্রিয়ায় সরকার যুক্ত নয়।"
দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে আনতে সরকারের পদক্ষেপ এবং তাদের সংলাপে যোগ দেওয়া কতটা নিশ্চিত- সাংবাদিকদের এ প্রশ্নে উপদেষ্টা বলেন, "আওয়ামী লীগ ইতোমধ্যে তাদের প্রতিনিধিদের তালিকা প্রতিনিধি পাঠিয়েছে। আমরা শিডিউল দেখে তাদের সঙ্গে সংলাপের দিনক্ষণ চূড়ান্ত করব।"
নির্ধারিত সময়ের মধ্যে বিএনপিও সংলাপে যোগ দেবে- এ আশা প্রকাশ করে গোলাম কাদের বলেন, "এ ক্ষেত্রেও তেমন দেরি হবে না। সংলাপের পুরো প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে।"
উপদেষ্টা আরও বলেন, "এখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের (উপদেষ্টাদের) কোনও কথা বা শব্দের যদি ভুল ব্যাখ্যা হয়, তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। এ কারণে এখন আমরা তেমন কথা বলছি না। কিন্তু সময়মতো ঠিকই বলছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৩৩১ ঘ.
bdnews24