২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী শাহিদ মালিক ঢাকা আসছেন

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক কনিষ্ঠ মন্ত্রী শাহিদ মালিক বুধবার দু'দিনের সফরে ঢাকা আসছেন। শাহিদ মালিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক কনিষ্ঠ মন্ত্রী শাহিদ মালিক বুধবার দু'দিনের সফরে ঢাকা আসছেন। শাহিদ মালিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট শাহিদ মালিকের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ ও এর জনগণের সম্ভাবনার ওপর যুক্তরাজ্যের দৃঢ় আস্থা রয়েছে। সেজন্যই আমরা ইতিবাচক উন্নয়ন সহযোগিতা অব্যাহত রেখেছি যা ভবিষ্যতে আরও বাড়বে। আমাদের আশা ২০১০-১১ সালের দিকে বাংলাদেশে যুক্তরাজ্যের উন্নয়ন সহায়তা ৩০ কোটি ডলারে পৌঁছাবে।' দক্ষিণ এশিয়ায় ব্রিটেনের উন্নয়ন কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী ডিসেম্বরের আসন্ন নির্বাচন নিয়েও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া এ বছরের সেপ্টেম্বরে লন্ডনে যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ু পরিবর্তন সম্মেলনের বিষয়টি চূড়ান্ত করা নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন শাহিদ মালিক। এ সম্মেলনের মাধ্যমে ২০০৯ এ জলবায়ুর পরিবর্তন নিয়ে ডেনমার্কের কোপেনহেগেনে একটি উচ্চাভিলাষী চুক্তিতে বাংলাদেশকে সহায়তার বিষয়ে আলোচনা হবে। গত ছয় মাসের মধ্যে বাংলাদেশ আসা যুক্তরাজ্যের চতুর্থ মন্ত্রী শাহিদ মালিক। এর আগে সেদেশের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথ বাংলাদেশ সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২২৩৮ঘ.