২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ড এলাকা থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার

র‌্যাব -৩ মঙ্গলবার মিটফোর্ড এলাকার ১৫টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা দামের বিক্রি করা নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা,জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র‌্যাব -৩ মঙ্গলবার মিটফোর্ড এলাকার ১৫টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা দামের বিক্রি করা নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার করেছে। র‌্যাব-৩ এর সহকারি পুলিশ সুপার শোয়েব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যায় জানান, দুপুরে মিটফোর্ড এলাকার ১৫টি ওষুধের দোকানে সহকারি পুলিশ সুপার সিরাজ আমিনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। তারা ওই দোকানগুলো থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের স্যালাইন,ক্যাপসুল,ট্যাবলেটসহ ১৫ থেকে ১৮ ধরণের ওষুধ আটক করে। সরকারি এসব ওষুধ বিক্রি করা নিষিদ্ধ। র‌্যাব জানিয়েছে, কয়েকঘন্টা পর উদ্ধারকৃত ওষুধগুলোর সিজার লিস্ট সম্পন্ন হলেই এগুলোর নাম এবং প্রকৃত মূল্য জানানো যাবে। তবে তা ৫০ থেকে ৬০ লাখ টাকার কম হবেনা বলে ধারণা করা হচ্ছে। সরকারি হাসপাতালের এক শ্রেণীর কর্মচারি-কর্মকর্তা রোগীদের বিনা মূল্যে না দিয়ে এসব ওষুধ চুরি করে বিক্রি করে থাকে। দোকানগুলো থেকে কয়েকজনকে আটক করাও হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এলএইচ/এসকে/১৯৫৬ঘ.