ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েনিফোর ডটকম)- মানিকগঞ্জ ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাক চাপায় মারা গেছেন দুজন। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরে ট্রাক চাপায় মারা গেছেন এক দোকানি।
আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাত ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় দুজন নিহত হয়েছেন।
এরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রামের আহালী (৩৫) ও শিবালয় উপজেলার দক্ষিণ উলাইল গ্রামের আজগর আলী (১৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী জানান, আহালী ও আজগর একটি বিকল পিকআপ ভ্যানকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী মাটি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-৪৭৭০) পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
ইয়াসীন আলী জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার মান্দারী বাজারে মঙ্গলবার সকালে ট্রাকের চাপায় স্থানীয় এক পান দোকানি মারা গেছেন।
নিহত মুসুরুল হক (৬৫) সদর উপজেলার পূর্ব মান্দারী গ্রামের বাসিন্দা।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কাশেম চৌধুরী জানান, সকাল নয়টার দিকে মান্দারী বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক বৃদ্ধ দোকানিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ ফাঁড়ি পুলিশ ট্রাকটি আটক এবং লাশ উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৫৯ ঘ.
bdnews24