ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিকুল ইসলামকে রাজউকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগের চেয়ারম্যান অতিরিক্ত সচিব কে এম এ হারুনকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এ রদবদলের আদেশ জারি করে।
রাজউক ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের শীর্ষ পদ ছাড়াও বাংলাদেশ সড়ক পরিহন করপোরেশন (বিআরটিসি) ও বীমা অধিদপ্তরের প্রধান পদে রদবদল হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের খন্দকার মো. ইসমাঈলকে বীমা অধিদপ্তরের প্রধান বীমা নিয়ন্ত্রক এবং যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাফিজউদ্দীন আহমেদকে বিআরটিসির চেয়ারম্যান করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/এসএনডি/এমএইচবি/২২৩৮ ঘ.
bdnews24