ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমালয় অববাহিকার অভিন্ন নদীর পানি সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সি এস করিম।
তিনি বলেছেন, "অভিন্ন নদীর পানি সমস্যা সমাধানে আমরা সম্মিলিতভাবে উদ্যোগ নিতে চাই। নদীগুলো যেসব দেশের মাঝ দিয়ে প্রবাহিত হচ্ছে, এর উপর শুধু সেসব দেশেরই অধিকার রয়েছে। বিশেষ করে ভাটি অঞ্চলের দেশগুলো যাতে অধিকার থেকে বঞ্চিত না হয়- সেদিকে নজর রাখতে হবে।"
সোমবার হোটেল সোনারগাঁয়ে 'প্রসপেক্টস অব দ্য রিভারস অব দ্য হিমালয়াস-বাংলাদেশ পার্সপেকটিভ' শীর্ষক দুই দিনব্যাপী সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা এ কথা বলেন।
অভিন্ন নদীগুলোর সমস্যা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মোকাবেলা করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, "জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় এ অঞ্চলে অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। এক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ না নিলে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষ্টি, অর্থনীতি ও উন্নয়নে এর নেতিবাচক প্রভাব পড়বে।"
পানি ব্যবস্থাপনার বিষয়ে সংলাপে উঠে আসা সমস্যাগুলো চিহ্নিত করে আগামীতে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় যৌথ নদী কমিশনের বৈঠকে উত্থাপনের আহ্বান জানান উপদেষ্টা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায়, বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ পানিসম্পদ উপদেষ্টা (সিনিয়র ওয়াটার অ্যাডভাইজার) ডেভিড আর সি গ্রে, যৌথ নদী কমিশনের সদস্য মীর সাজ্জাদ হোসাইন।
পানি সম্পদ সচিব ড. মুহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. কে বি সাজ্জাদুর রশীদ ও আইইউসিএন'র আবাসিক প্রতিনিধি ড. আইনুন নিশাত প্রবন্ধ উপস্থাপন করেন।
রাজা দেবাশীষ রায় বলেন, "বাংলাদেশ ভাটির দেশ। উজানের পানির ওপর বাংলাদেশের অধিকার রয়েছে। পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে বাংলাদেশকে অধিকার বঞ্চিত করা যাবে না।"
সমস্যা সমাধানে বিশ্বব্যাংক এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান তিনি।
দেশের প্রায় ৩০০ নদীর মধ্যে ৫৭টি আন্তর্জাতিক নদী। এরমধ্যে ৫৪টি এসেছে ভারত থেকে, মিয়ানমার থেকে তিনটি। হিমালয় অববাহিকায় নদীরগুলোর পানি ব্যবস্থাপনায় সহযোগিতা করতে বিশ্বব্যাংক উদ্যোগ নিয়েছে।
ড. আইনুন নিশাত বলেন, "বৃহত্তর হিমালয় থেকে যত নদীর উৎপত্তি হয়েছে তার সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা হচ্ছে না। আফ্রিকায় সমন্বিত ব্যবস্থাপনার উদাহরণ রয়েছে। কিন্তু এ অঞ্চলে তা নেই।''
হিমালয় অববাহিকা অঞ্চলে দ্বিপাক্ষিকভাবে (দুই রাষ্ট্র) কোনও অগ্রগতি নেই- মন্তব্য করে তিনি বলেন, "বিশ্বব্যাংক এ বিষয়ে হাত দিয়েছে। দেখা যাক কী হয়। পানি না পাওয়ায় বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আগামীতে এ সঙ্কট আরও তীব্র হবে। একারণে সব দেশকে এক হয়ে পরিকল্পনা নিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এএল/এমএ/১৭৫০ ঘ.
bdnews24