২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত

সলঙ্গা থানা এলাকার নাইমুড়িতে সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কে সোমবার বিকেলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

সিরাজগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সলঙ্গা থানা এলাকার নাইমুড়িতে সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কে সোমবার বিকেলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। সিরাজগঞ্জের হাটিকুমরু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হোসেন জানান, বিকেল ৪টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী রজনীগন্ধ এন্টারপ্রাইজের একটি বাসের (রাজ মেট্রো-ড-১১-০০৯৭) সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকামুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৫৭৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি জানান, সংঘর্ষের ফলে বাস ও ট্রাক ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান বাসের তিন যাত্রী। আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে পাঁচজন জখম গুরুতর বলেও ওসি জানান। তিনি জানান, বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারের মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.