যশোর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এসো বাংলাদেশ গড়ি' স্লোগানে চলমান রোড শো'র গাড়ির বহর রোববার সকালে যশোর পৌঁছেছে।
সোমবার সকাল সাড়ে নয়টা থেকে শহরের জিলা স্কুল মাঠে 'এসো বাংলাদেশ গড়ি' শিরোনামে দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন (ইসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) যৌথ উদ্যোগে এ রোড শো হচ্ছে।
সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি, দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়া, খাদ্য সমস্যার সমাধান, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে এ রোড শো'র আয়োজন করা হয়েছে
গত ৩০ মে উদ্বোধনের পর 'রোড শো'র গাড়িবহর পঞ্চগড়ের তেঁতুলিয়া হয়ে দেশের ৫৫টি জেলা পরিক্রমা শুরু করে। ইতোমধ্যে পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, কুষ্টিয়ায় রোড শো'র গাড়িবহর থেমেছে এবং এসব স্থানে রোড শো উপলক্ষে মেলা হয়েছে।
সকাল ১১টায় রোড শো'র গাড়ি বহর যশোর প্রবেশ করে। এ সময় জেলা প্রশাসক আবুয়াল হোসেন ও পুলিশ সুপার ইকবাল বাহারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শহরের খাজুরা বাসস্ট্যান্ড মোড়ে গাড়ি বহরকে স্বাগত জানান।
সেখানে থেকে শোভাযাত্রা করে গাড়িবহর পৌঁছায় জিলা স্কুল মাঠে। এ সময় রাস্তার দুধারে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ ব্যানার ফেস্টুন উড়িয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানায় রোড শো'র গাড়িবহরকে।
জিলা স্কুল মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক আবুয়াল হোসেন ভাতের পাশাপাশি আলু খাওয়ার অভ্যাস গড়ে তোলা, সৎ ও যোগ্য নেতা নির্বাচন, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া, তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগের মাধ্যমে বেকারত্ব দূর করা, প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে কক্সবাজারকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০৩ ঘ.
bdnews24