২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আগুনে পুড়ে গেছে ২৫টি দোকান

সাভারের নামাবাজারে শনিবার গভীর রাতে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। দমকল কর্মীরা দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 10:58 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

সাভার, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নামাবাজারে শনিবার গভীর রাতে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। দমকল কর্মীরা দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রথমে আগুন লাগে আল-মদিনা স্টোরে। পরে পর্যায়ক্রমে বাংলা স্টোর, গদু সাদুর গুড়ের আড়ৎ, শিল্পী হার্ডওয়ার, হাজারী স্টোর-এ আগুন ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, দমকল কর্মীরা সময়মত পৌঁছালে এত বড় ক্ষতির সম্মুখীন হতেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের এই অভিযোগ অস্বীকার করে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার খন্দকার সানাউল হক বলেন, "আগুন লাগার খবর পাওয়ার পরপরই সাভার ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ঘটনাস্থলের সঠিক ঠিকানা আমাদের না জানানোয় পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে।" তিনি আরও বলেন, এত বড় একটি বাজারে অগ্নি নির্বাপণের কোন ব্যবস্থা রাখেনি বাজার কমিটি। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, বাজারের আল-মদিনা স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি জানান, আগুনে ২৫টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর উপ-মহাব্যবস্থাপক আজাহার আলী জানান, আগুনে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের ১৫টি তার ও ১৫টি মিটার পুড়ে গেছে। এতে প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৫৩ ঘ.