২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে কুমিল্লায় এমকে আনোয়ারের বিরুদ্ধে মামলা

চাঁদাবাজির অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা কারাবন্দি এম কে আনোয়ার, তার ভাই ও ভাতিজাসহ বিএনপির আট নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 10:25 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

কুমিল্লা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা কারাবন্দি এম কে আনোয়ার, তার ভাই ও ভাতিজাসহ বিএনপির আট নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। রোববার কুমিল্লার বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন হোমনা উপজেলার মুন্সীকান্দি গ্রামের আহম্মদ আলী নামে এক ব্যবসায়ী। হাকিম সারোয়ার আহম্মদ মামলাটি আমলে নিয়ে তদন্তসাপেে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আসামিদের মধ্যে রয়েছেন- এমকে আনোয়ারের ভাই খোরশেদ আনোয়ার ও তার ছেলে কায়সার আনোয়ার। বাকী পাঁচ জনের নাম জানা যায়নি। মামলার অভিযোগে বলা হয়, মুন্সীকান্দি এলাকায় আট শতক জমির ওপর আহম্মদ আলীর একটি দোকান ছিল। আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে ২০০৪ সালের ১৪ মে এম কে আনোয়ারের সহযোগিতায় তার ওপর হামলা এবং দোকানে লুটপাট চালায়। তারা দোকান বন্ধ করে দেয় এবং দোকানের জায়গাও দখল করে নেয়। এছাড়া আসামিরা তার বিরুদ্ধে চারটি মিথ্যা মামলা করে তাকে হয়রানি করে বলেও আহম্মদ আলী অভিযোগে উল্লেখ করেছেন। অভিযোগে আরও বলা হয়, এ বছর ৭ মে জায়গা ফেরত দেওয়ার শর্তে চাঁদার ৫ লাখ টাকার মধ্যে এমকে আনোয়ারকে ২ লাখ টাকা দেওয়া হয়। এমকে আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর তাকে মুক্ত করে আনার কথা বলে অপর আসামিরা তার কাছে বাকী ৩ লাখ টাকা দাবি করে। গ্যাটকো মামলায় সাবেক কৃষিমন্ত্রী এমকে আনোয়ার বর্তমানে কারগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১০ ঘ.