ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার দুই ছেলে কারাবন্দি তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে বিদেশি কূটনীতিকদের সায় রয়েছে বলে দাবি করেছেন বিএনপির 'সংস্কারপন্থী' নেতা ও সাবেক আমলা ইনাম আহমেদ চৌধুরী।
শনিবার রাতে নিজের বাসায় বিদেশি কূটনীতিকের আমন্ত্রণ জানান ইনাম আহমেদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, কানাডার হাই কমিশনার, জাপানের রাষ্ট্রদূতসহ বেশ কয়েকজন রাষ্ট্রদূত ওই বৈঠকে ছিলেন বলে বিএনপি নেতা জানান।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে ইনাম আহমেদ চৌধুরী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের সঙ্গে সংলাপ ও নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার গুরুত্ব তাদের (কূটনীতিক) কাছে তুলে ধরা হয়েছে।"
তিনি বলেন, "উন্নত চিকিৎসার প্রয়োজনে তারেক রহমান ও আরাফাত রহমান কোকাকে বিদেশ পাঠানোর বিষয়ে তারা ইতিবাচক সাড়া দিয়েছেন।"
সরকার গঠিত মেডিকেল বোর্ডও তারেক ও কোকোকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর সুপারিশ করেছে বলে উল্লেখ করেন ইনাম আহমেদ চৌধুরী।
"পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দিয়েছি আমরা", বলেন তিনি।
চিকিৎসার জন্য তারেক রহমান ও কোকোকে বিদেশ পাঠানোর দাবি জানিয়ে আসছে বিএনপি। পাশাপাশি খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
খোন্দকার দেলোয়ার নেতৃত্বাধীন বিএনপির অপর অংশ ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, দাবি পূরণ না হলে তারা সংলাপে যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৩৫০ ঘ.
bdnews24