পটুয়াখালী, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফল উপজেলায় সুমন খান (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সুমনের লাশ বাউফলের নাজিরপুর ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন আলোকী নদীতে ভাসতে দেখে এলাকাবাসী রোববার সকালে থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে পলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সুমনকে শনিবার রাতের কোনও সময় হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সুমন নাজিরপুর ইউনিয়নের রায় তাতেরকাঠী গ্রামের জয়নাল আবেদীন খানের ছেলে।
ওসি জানান, নিহতের বাবা-মা'র সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩১৫ ঘ.
bdnews24