ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে শনিবার ভোরে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি নয় টুকরো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর লাশটি টুকরো টুকরো করা হয়।
এদিকে আদাবর থানা পুলিশ সুনিবিড় হাউজিং এলাকা থেকে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে।
দুজনের কারো পরিচয় পাওয়া যায়নি।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক গৌতম রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে প্রতাপ দাস লেনের ৩/বি নম্বর বাসার সামনে ড্রেনের পাশে দুটি শপিং ব্যাগে তরুণীর দেহের পাঁচ খণ্ড উদ্ধার করা হয়। পরে ওই স্থান থেকে আনুমানিক ৭৫ গজ দূরে ৪৯/৫০ হেমেন্দ্র দাস রোডে ড্রেনের পাশে কাঁথায় মোড়ানো আরও চার খণ্ড উদ্ধার করা হয়।"
খণ্ড অংশগুলো জোড়া লাগিয়ে লাশটি একই তরুণীর বলে নিশ্চিত হওয়া গেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, "ধর্ষণের পর আলামত নষ্ট করতে লাশটি এভাবে টুকরো টুকরো করা হয় বলে আমরা ধারণা করছি।"
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
এদিকে শনিবার ভোরে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন সুনিবিড় হাউজিং এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।
আদাবর থানার উপপরিদর্শক নইম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সুনিবিড় হাউজিংয়ের একটি খালি প্লট থেকে লাশটি উদ্ধার করা হয়। চেক লুঙ্গি ও চেক শার্ট পরা এই যুবকের গলায় দড়ি প্যাঁচানো ছিল। তার অণ্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/এলএইচ/জেকে/১৯৩৫ ঘ.
bdnews24