ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান (চিফ অব প্রোটোকল) এবং প্রশাসনের ১০ জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় শনিবার এসব বদলির আদেশ দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকল হিসেবে কর্মরত সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রুহুল আমীনকে তার আগের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খানকে ওই পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বদলি হওয়া ১০ জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব জাকির হোসেনকে শিল্পকলা একাডেমীর পরিচালক করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আনোয়ারুল ওয়াহেদ চৌধুরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব তন্দ্রা শিকদারকে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যাহিদা খানমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, আফরোজা খানকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে, আব্দুর রহিম ভূঞাকে পরিকল্পনা বিভাগে, আবু নাসেরকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং বজলুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।
এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আলী ও পরিকল্পনা বিভাগের উপ-সচিব রুহুল আমিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮১৩ ঘ.
bdnews24