ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গবেষণা প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না তা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার বলেছেন, গবেষণা প্রকল্পের নামে অর্থ অপচয়কারীদের খোঁজও নেওয়া হবে।
'বিভিন্ন প্রকার বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা প্রকল্পে অনুদান এবং গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে এর অবদান' শীর্ষক এক সেমিনারে শনিবার তিনি এ কথা বলেন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক গবেষণায় বিজ্ঞানীদের মনোযোগী হওয়ার আহ্বানও জানান তিনি।
মানিক লাল সমদ্দার বলেন, "দেশে মানসম্পন্ন গবেষণা হচ্ছে না। যারা গবেষণা প্রকল্পের নামে অর্থ নিয়ে অপচয় করেছে এবং নাম-ঠিকানাবিহীন অর্থ নিয়েছে, তাদের শাস্তি হওয়া উচিত। তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণার জন্য যে টাকা দেওয়া হবে, তার সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা তদারক করা হবে।"
তবে গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকার কথাও স্বীকার করেন তিনি।
মানিক লাল বলেন, "গবেষণাখাতে যে পরিমাণ অর্থ ব্যয় করা দরকার, হয়ত আমরা তা সঙ্কুলান করতে পারি না। আবার মানসম্পন্ন গবেষণা না হওয়ায় বরাদ্দকৃত অর্থেরও একটি অংশ ব্যয় হয় না। এবার কৃষিখাতের উন্নয়নে বাজেটে বড় বরাদ্দ রাখা হয়েছে। ল্যাবরেটরি গবেষণার পাশাপাশি বাজারজাত করার বিষয়টিও মনে রাখতে হবে। শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে গবেষণা প্রকল্প বাছাই করতে হবে, যা দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।"
প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে যুগের চাহিদার ওর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, "যুগোপযোগী গবেষণা প্রকল্প নির্বাচন করতে হবে। কী প্রকল্প, কোন এলাকায় হবে এবং সময় ও অর্থ সাশ্রয়ী কি না- তা বিবেচনা করেই প্রকল্প হাতে নিতে হবে।"
মৌলিক ও প্রায়োগিক দুই ধরনের ক্ষেত্রে প্রায়োগিক গবেষণার ওপরই জোর দেন মানিক লাল সমদ্দার।
আগামীতে গবেষণা প্রকল্প সংক্রান্ত যাবতীয় কমিটি সক্রিয় করার বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ভাসানী নভোথিয়েটারে অনুষ্ঠিত ওই সেমিনারে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব শেখ মো. ওয়াহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুল ওয়াহাব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আলম, অধ্যাপক এম এ বাশার প্রমুখ।
যুগ্ম সচিব আহমেদ হোসেন খানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফেরদৌস হোসেন।
এতে গবেষণা খাতে সরকারি অনুদান বাড়ানোর সুপারিশ করে বলা হয়, বর্তমানে জিডিপি'র মাত্র ০.০০৫ শতাংশ অনুদান রয়েছে। অথচ উন্নত দেশে এর পরিমাণ ২ থেকে৩ শতাংশ।
দেশে গবেষণার পরিবেশ হতাশাব্যঞ্জক উল্লে
bdnews24