গাজীপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় এএসএম কেমিকেল ইন্ডাস্ট্রিজ নামের একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান শুক্রবার থেকে ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।
এ বিদ্যুৎ থেকে নিজেদের প্রয়োজন মিটিয়ে টেপিরবাড়ি এলাকার ১০ টি বৃহৎ শিল্প, ১৩০ টি ক্ষুদ্র শিল্প, ২৫৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দুই হাজার ৬৫২ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন।
এএসএম কেমিকেল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী জানান, তাদের কারখানায় ৬ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হবে। উৎপাদন সাপেক্ষে ১ থেকে ৪ মেগাওয়াট ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ -এর মাধ্যমে পাবেন গ্রাহকরা। পল্লী বিদ্যুৎ ২টাকা ২১ পয়সা ইউনিট দরে তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনবে।
শুক্রবার সকালে এসএম কেমিকেল ইন্ডাষ্ট্রিজের এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেন বিদ্যুৎ সচিব ড. এম ফাউজুল কবির খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম। তিনি বলেন, "দেশের বিদ্যুৎ ঘাটতি কমানোর জন্য এ জাতীয় প্রকল্প বেশ উৎসাহব্যঞ্জক। নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসীন, এএসএম-এর চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান হোসনে আরা আজিজ, প্রধান নির্বাহী জয়নাল আবেদিন চৌধুরী প্রমূখ।
বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকার শিল্প কারখানায় উৎপাদিত বিদ্যুতের বাড়তি অংশ (ক্যাপটিভ পাওয়ার) কেনার জন্য গত বছর বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০১ ঘ.
bdnews24