ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় শুক্রবার সকালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক র্যাব সদস্য আহত হয়েছে। সন্ত্রাসীদের কাউকে র্যাব ধরতে পারেনি। তবে একটি পিস্তল উদ্ধার করেছে। গুলিবিদ্ধ র্যাব সদস্য সেলিমকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল সাড়ে ৬টার দিকে পূর্ব রামপুরায় ওই গোলাগুলি হয় বলে জানিয়েছেন র্যাব-৩ এর কর্মকর্তা মেজর জাহিদুল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসীরা এক যুবককে গুলি করলে তার শব্দ পেয়ে পূর্ব রামপুরায় টহলরত র্যাবের একটি দল এগিয়ে যায়। সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ করে গুলি চালাতে শুরু করলে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। কিন্তু সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। ওই সময় পায়ে গুলিবিদ্ধ হয় সেলিম।"
গোলাগুলির পর সন্ত্রাসীদের গুলিতে আহত যুবক আল আমিন (৩০) এবং র্যাব সদস্য সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে মেজর জাহিদুল জানান। পরে সেলিমকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
আল আমিনকে সন্ত্রাসীরা কেন গুলি করেছে, তা নিশ্চিত হতে পারেনি র্যাব। তবে এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা করেছেন আল আমিনের মা মাহমুদা বেগম।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাহমুদা বেগমের মামলায় অভিযোগ করা হয়েছে, ৭/৮ জন সন্ত্রাসী বাসায় ঢুকে আল আমিনকে (৩০) গুলি করে। ওই সময় তাকেও মারধর করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় র্যাবের মুখোমুখি হয়।"
মাহমুদা বেগমের দায়ের করা এজাহারে চার আসামির নাম উল্লেখ করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবীর জানান।
মাহমুদা বেগম পুর্ব রামপুরার লিয়াকত কমিশনারের টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬১১ ঘ.
bdnews24