ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ব্যাবস্থার মতো বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্যও মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষকদের সংগঠন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। ৩০ জুনের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গ্রিন রোডে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের সমন্বয়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ এ দাবি জানান।
তিনি বলেন, "আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতার ঘোষণা না দিলে ২ জুলাই সংবাদ সম্মেলন করে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।"
কাজী ফারুক সংবাদ সম্মেলনে মহার্ঘ ভাতাসহ দশ দফা দাবি উত্থাপন করেন এবং এসব দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুন প্রতিটি উপজেলায় ইউএনও'র মাধ্যমে এবং ১৮ জুন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেবে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট।
এছাড়া ২২ জুন জেলায় জেলায় মানববন্ধন, ২৩ জুন থেকে ২৮ জুন পর্যন্ত পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় এবং ২৪ জুন প্রত্যেক জেলা সদরে প্রতিকি অনশন কর্মসূচি পালন করা হবে।
মহার্ঘ ভাতা ছাড়া দশ দফার মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো- বেসরকারি শিক্ষকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধি করা।
গত ৯ জুন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থ বছরের বাজেট বক্তৃতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/২২০৮ ঘ.
bdnews24