চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ করে দেওয়া আজিম গ্র"পের চারটি সোয়েটার কারখানা চালুর উদ্যোগ মালিকপক্ষের অসহযোগিতায় ভেস্তে যেতে বসেছে।
নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত এই চারটি কারখানা যাতে আবার চালু হয় সে জন্য গত সপ্তাহে উদ্যোগ নিয়েছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তরের যুগ্ম পরিচালক। মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতার লক্ষ্যে দুই দফা বৈঠক ডাকা হলেও তাতে মালিক পক্ষ অংশ নেয়নি।
সর্বশেষ গত ১১ জুনের বৈঠকে উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হলেও তাতে সাড়া দেয়নি মালিকপক্ষ।
শ্রম অধিদপ্তরের যুগ্ম পরিচালক আবদুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই দফা চিঠি দেওয়া সত্ত্বেও মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে বসতে আগ্রহী নয়। গত ৮ ও ১১ জুন বৈঠকে উপস্থিত থাকতে মালিক পক্ষকে বারবার আহবান জানানো হলেও বৈঠকে বসতে তাদের অপারগতার কথা জানিয়ে দেয়।"
তবে কারখানাগুলো খোলার ব্যাপারে উভয় পক্ষই সমঝোতাই পৌঁছাবে বলে আশা প্রকাশ করে তিনি।
শ্রম অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, "বিভিন্ন দাবি নিয়ে আমরা ইতিমধ্যে শ্রমিকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছি।"
গত ৫ ও ৬ মে এবং ১ জুন আজিম গ্র"পের মালিকানাধীন চারটি সোয়েটার কারখানায় তিন দফা বিক্ষোভ ও সংঘর্ষ হয়। এরপর থেকে কারখানা চারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
কারখানাগুলো আবার চালু করা এবং বিভিন্ন দাবি নিয়ে গত ৮ জুন শ্রমিকদের সঙ্গে শ্রম অধিদপ্তরের ফলপ্রসূ বৈঠক হয়। বৈঠকে শ্রমিকরা মূল বেতন বাড়ানো, বরখাস্তকৃতদের পুর্নবহালসহ তিনটি বিষয়ে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেন।
সমঝোতা বৈঠকে অংশ না নেওয়া প্রসঙ্গে আজিম গ্র"পের পরিচালক নওশা আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শ্রমিকদের স্বার্থ বিবেচনায় রেখে কারখানা খোলা এবং সমঝোতা বৈঠকে অংশ নিতে আগ্রহী। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগে বরখাস্ত হওয়া শ্রমিকদের সঙ্গে আলোচনার কোন সুযোগ নেই।"
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিক্ষোভ ও সংঘর্ষের পর থেকে এ পর্যন্ত আজিম গ্র"পের মালিকানাধীন সাভার, অর্কিড ফ্যাশন, গ্লোবাল নিটওয়্যার এর ১ ও ২ নম্বর ইউনিটের প্রায় ৪০০ নিটিং শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া গত বুধবার রাত পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩০ শ্রমিককে।
আজিম গ্র"পের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নিটিং শ্রমিক মো. ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় হাজার শ্রমিকের মানবিক দিক বিবেচনা করে মালিকের কারখানা খুলে দেওয়া এবং সমঝোতা বৈঠকে উপস্থিত থাকা দরকার।
তিনি অভিযোগ করেন, মালিকপক্ষ কারখানা খুলে না দিয়ে দাবি বাস্তবায়ন না করার জন্য শ্রমিকদের মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করছে।
মিথ্যা মামলা দিয়ে কালুরঘাট বিসিক শিল্প এলাকা সংলগ্ন আট গাছতলা, বরিশাইল্যা বাজারসহ বিভিন্ন এলাকায় বসবাসরত শ্রমিকদের অহেতুক গ্রেপ্তার করা হচ্ছে বলে ওই শ্রমিক দাবি করেন।
তিনি বলেন, এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
তবে মিথ্যা মামলা দায়ের, প্রভাব খাটিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার বা হয়রানির অভিযোগসমূহ যৌক্তিক নয় বলে দাবি করেছেন আজিম গ্র"পের পরিচালক নওশা আহমেদ।
বরখাস্তকৃত শ্রমিক এবং মামলা প্রসঙ্গে তিনি বলেন, "যারা কারখানায় ভাংচুর এবং কর্মকর্তা-কর্মচারিদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধেই নিয়মতান্ত্রিকভাবে মামলা হয়েছে। এখানে হয়রানির প্রশ্ন আসে না।"
বরখাস্তকৃত শ্রমিকদের পুনর্নিয়োগ দেওয়া হবে না বলেও নওশাদ আহমেদ জানান।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামও শ্রমিকদের হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার হওয়ায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তবে অহেতুক কাউকে হয়রানি করা হচ্ছে না।"
ওসি জানান, শ্রমিক বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত মোট সাতটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে চারটি মামলা করেছে আজিম গ্র"প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২১০৯ ঘ.
bdnews24