সাতক্ষীরা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা এলাকায় বুধবার বাঘের আক্রমণে এক বাওয়ালীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর এক জন।
নিহত বাওয়ালী শ্যামনগর উপজেলার দাতনেখালী গ্রামের আব্দুল মান্নান (৪০)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের শের আলী (৩৫)।
আহত শের আলীর উদ্ধৃতি দিয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে সুন্দবনের বেতনেখালী এলাকার বাঁকার খালপাড়ে কাঠ কাটার সময় আব্দুল মান্নানের ওপর বাঘ আক্রমণ করে। তাতে বাধা দিতে গিয়ে বাঘের থাবায় আহত হয় শের আলী।
আব্দুল মান্নানকে বাঘ ধরে নিয়ে যায় বলে শের আলী জানায়। পরে লোকালয়ে ফিরে আরও লোকজনকে নিয়ে বনে গিয়ে অনেক খোঁজাখুজির পর মান্নানের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৬ ঘ.
bdnews24