২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নান, সালাম পিন্টুসহ ২৮ জনের বিরুদ্ধে '২১ আগস্ট মামলা'র অভিযোগপত্র

আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র বুধবার আদালতে দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে চার দলীয় জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তার ভাই সন্দেহভাজন গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিন ওরফে তাজ এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 08:33 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র বুধবার আদালতে দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে চার দলীয় জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তার ভাই সন্দেহভাজন গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিন ওরফে তাজ এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। বুধবার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারি পুলিশ সুপার ফজলুল কবীর অভিযোগপত্র জমা দেন। এ সময় তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় জব্দ করা আলামত মুখ্য মহানগর হাকিম মালখানায় দাখিল করেন। তবে তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর বিকেল তিনটায় সিআইডির প্রেস ব্রিফিংয়ের আগে সাংবাদিকদের কোন কিছু বলতে চান নি। গ্রেনেড হামলার ঘটনায় ২০০৪ সালের ২২ আগস্ট মতিঝিল থানার তৎকালীন উপ-পরিদর্শক শরিফ আহমেদ বাদি হয়ে মতিঝিল থানায় মামলা করেন। ২৩ আগস্ট মামলার তদন্ত দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন গোয়েন্দা পুলিশের সহকারি পুলিশ কমিশনার আশরাফুজ্জামান। পরে মামলার তদন্ত দেওয়া হয় সিআইডিতে। প্রথমে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডির সহকারি পুলিশ সুপার আব্দুর রশীদ ও মুন্সি আতিকুর রহমান। বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন মামলাটি তদারকি করেন। পরে বর্তমান তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার ফজলুল কবির ২০০৭ সালের ২২ আগস্ট এই মামলার তদন্তভার নেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ৪১২ জনকে সাক্ষী করা হয়েছে। সাক্ষীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ নেতা, পুলিশ সদস্য, ময়না তদন্তকারী চিকিৎসক, গুলিস্তান এলাকার বিভিন্ন বিপণি বিতানের নিরাপত্তা কর্মী। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে এই গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত ও সাংবাদিকসহ কয়েক'শ নেতাকর্মী আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/পিবি/এমএআর/এসকে/১৩৪৮ঘ.