কুমিল্লা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় বোমা বিস্ফোরণে বুধবার এক জন নিহত ও দুই জন আহত হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলার সবুজপাড়া গ্রামে বিল্লাল হোসেন নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীর দোকানে সকাল সাড়ে ৯টার দিকে ওই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী।
বিস্ফোরণে বিল্লালের দুটি পা উড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কুমিল্লা হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি ইউনুস আলী জানান, ভাঙ্গারি (বাতিল মালামাল) ব্যবসায়ী বিল্লাল একটি গোলমতো বস্তু হাতুড়ি দিয়ে ভাঙার সময় এটি বিস্ফোরিত হয়। এতে তিনিসহ তার দোকানে থাকা অপর দুই জন আহত হন।
বিস্ফোরণে আহত আশরাফুল ইসলাম (১৫) ও আবিদ আলী (৬৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বোমাটি কী জাতীয় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কুমিল্লার পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদসহ র্যাবের কর্মকর্তারা ঘটনার পরপরই ওই এলাকায় গেছেন।
ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.
bdnews24