২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে গণমৃত্যুর বছর পূর্তি

চট্টগ্রামের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসের এক বছর পূর্তি হচ্ছে বুধবার। পাহাড় ধস আর মৃত্যুর খবর নিয়ে ঠিক এক বছর আগের এই দিন শুরু হয় বন্দরনগরীতে। প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতায় অচল হয়ে পড়ে পুরো নগরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 06:50 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসের এক বছর পূর্তি হচ্ছে বুধবার। পাহাড় ধস আর মৃত্যুর খবর নিয়ে ঠিক এক বছর আগের এই দিন শুরু হয় বন্দরনগরীতে। প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতায় অচল হয়ে পড়ে পুরো নগরী। আর এর মধ্যেই পাহাড় ধসে ১২৭ জনের মর্মান্তিক মৃত্যু হতভম্ব করে দেয় নগরবাসীসহ পুরো দেশকে। মৃত্যুর এই মিছিল পাহাড় ব্যবস্থাপনায় দুর্বলতা ও পাহাড় ব্যবহারে অসতর্কতাকে আবার সামনে নিয়ে আসে। নগরীর কুসুমবাগ, কাইচ্যাঘোনা, সেনানিবাসের লেডিস ক্লাব সংলগ্ন লেবুবাগান, বায়েজিদ বোস্তামী, মতিঝর্ণা পাড়সহ সাতটি স্থানে পাহাড় ধসে মাটিচাপা পড়ে মারা যায় শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সের ১২৭ জন। এক পরিবারের সবাই মারা গেছে, এমন নজিরও পাওয়া যায়। নিু আয়ের শ্রমজীবী এসব মানুষের সহায় সম্বল সবকিছু তলিয়ে যায় মাটি ও পানির নিচে। এ বিপর্যয়ে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামে। ব্যাপক প্রাণহানির পাশাপাশি বৃষ্টিতে নগরীর সব এলাকা কয়েক ফুট পানির নিচে তলিয়ে যায়। জলাবদ্ধতা দেখা দেওয়ায় নগরীর অধিকাংশ নিচু এলাকার বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ বিপর্যয়ের পরপরই প্রধান উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন চট্টগ্রামে। পাহাড় ধস ও মানবিক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠিত হয়। তদন্ত কমিটি ঘটনাস্থল ঘুরে এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জানায়, ওই দিনের বিপর্যয় প্রাকৃতিক নয়, মানব সৃষ্ট। ওই গণমৃত্যুর জন্য পাহাড় দখলকারী প্রভাবশালী ভূমিদস্যুরাই দায়ী। পাহাড় ধসের কারণ অনুসন্ধান এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রণয়নে গঠিত তদন্ত কমিটির মতে, চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী এলাকার ভূতাত্ত্বিক গঠন ও অতিভারী বর্ষণ যেমন ওই দিনের পাহাড় ধসের জন্য কিছুটা দায়ী; তার চেয়ে অনেক বেশি দায়ী নির্বিচারে পাহাড় কাটা। ১১ জুনের এ ঘটনাকে স্মরণ করতে পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগসহ বিভিন্ন সংগঠন বুধবার চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনসহ নানা কর্মসূচি পালন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১২৪৬ ঘ.