ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শাজাহান সিরাজের ছেলে রাজিব সিরাজ অপুকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় দণ্ডাদেশ দেন।
এ নিয়ে শাজাহান সিরাজ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ১২৩ বছরের কারাদণ্ড দেওয়া হলো।
মঙ্গলবারের রায়ে কারাদণ্ডের পাশাপাশি রাজিবকে ৮ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৯৮৫ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া অবৈধভাবে অর্জিত রাজিবের ৮ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৯৮৫ টাকার সম্পদ রাষ্ট্র বরাবর জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।
রাজিবের বিরুদ্ধে গত বছরের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খায়রুল হুদা মানি লন্ডারিং আইনে গুলশান থানায় এ মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, ওয়ান ডেনিম মিলস লিমিটেডের একজন পরিচালক হিসেবে রাজিব সিরাজ সরাসরি ৮ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৯৮৫ টাকা ওই কোম্পানিকে ঋণ দেন। কিন্তু এ টাকার কোনও বৈধ উৎস তিনি দেখাতে পারেননি।
মামলায় আরও অভিযোগ করা হয়, আয়কর নথিতে ২০০২-'০৩ থেকে ২০০৬-'০৭ করবর্ষ পর্যন্ত রাজিব আয় দেখিয়েছন ১৬ লাখ ৩৩ হাজার ২৬৩ টাকা। কিন্তু ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তিনি ৩৮টি ভাওচারের মাধ্যমে ওয়ান ডেনিম মিলসে ৮ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৯৮৫ টাকা বিনিয়োগ করেন।
এর আগে কর ফাঁকির আলাদা ৫টি মামলায় রাজিবকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে শাজাহান সিরাজকে ১৩ বছর এবং তার স্ত্রী রাবেয়া হায়দারকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও কর ফাঁকির দায়ে শাজাহানকে ৮ বছর কারাদণ্ড দেয় আদালত। একই অপরাধে আলাদা পাঁচটি মামলায় রাবেয়াকে ৮ বছর করে মোট ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কর ফাঁকির আরও দুটি মামলায় রাজিব সিরাজের স্ত্রী ফারজানা খানকে ১৪ বছরের সাজা দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এসকে/এমআই/১৮২৪ ঘ.
bdnews24