২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা যেখানেই থাকুন, তার নির্দেশেই দল চলবে: তোফায়েল

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, শেখ হাসিনা যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন, তার নির্দেশেই দল পরিচালিত হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় তোফায়েল আহমেদ এ কথা বলেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 07:50 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, শেখ হাসিনা যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন, তার নির্দেশেই দল পরিচালিত হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় তোফায়েল আহমেদ এ কথা বলেন। এ অনুষ্ঠানেই দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগ নির্বাচনে যাবে উল্লেখ করে জয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারেও আশাবাদ প্রকাশ করেছেন। জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, "জরুরি আইনের মধ্যে একের পর এক মামলা দিয়ে রায় ঘোষণা করে রাজনীতিবিদদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করার প্রক্রিয়া চলছে।" কারাগারে আটকে রেখে কারো কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলে মন্তব্য করেন এ প্রবীণ নেতা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, "আওয়ামী লীগ নির্বাচনে যাবে। আমরা আশা করি, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। সে নির্বাচনে জয়ী হয়ে আমরা সরকার গঠন করব।" শেখ হাসিনার বিদেশে যাওয়ার বিষয়ে কোনো কথা না বললেও আশরাফ বলেন, "এখন আমরা একটা অস্থির সময় কাটাচ্ছি। একটা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। একটা সুসংবাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই মুহুর্তে আমি এমন কোনো কথা বলতে চাই না যাতে এই সম্ভাবনার কোনো ক্ষতি হয়।" তিনি আরও বলেন, "আমাদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সে সব সিদ্ধান্তের ফলে দেশের অচলাবস্থা কেটে যাবে।" তবে কী বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তার বিস্তারিত ব্যাখ্যা দেননি আশরাফ। আগামী নির্বাচনে জয়ের বিষয়ে দৃঢ় আশা প্রকাশ করে আশরাফুল ইসলাম বলেন, "আগামী নির্বাচনে আমাদের জিততেই হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেখ হাসিনার নেতৃত্বেই আমাদের সমাপ্ত করতে হবে।" স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু যেকোনো মুহূর্তে শেখ হাসিনার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, "নেত্রী যেন প্রচারণা ও নির্বাচনে অংশ নিতে পারেন তার প্রক্রিয়াও আমাদের শুরু করতে হবে।" বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও আকতারুজ্জামান এবং মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মণি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৫৫২ঘ.