২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট প্রতিক্রিয়াবর্তমান স্থানীয় সরকারে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

বর্তমান স্থানীয় সরকার কাঠামো দিয়ে ১৬ হাজার ৯৩২ কোটি টাকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয় বলেই মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 06:11 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান স্থানীয় সরকার কাঠামো দিয়ে ১৬ হাজার ৯৩২ কোটি টাকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয় বলেই মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ২০০৮-'০৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মূল্যায়ন করতে গিয়ে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাজেটের সামগ্রিক মূল্যায়নে সিপিডি বলেছে, এটি জনকল্যাণমুখী ও বিনিয়োগবান্ধব, তবে উন্নয়নের দিক থেকে রক্ষণশীল। বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান না হলে তা অর্জন সম্ভব নয় বলে সিপিডির ধারণা। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির মূল্যায়ন তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার ২০০৮-'০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার হার এবং এর সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে ১৬ হাজার ৯৩২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ৩০ হাজার ৫৮০ কোটি টাকার এ ঘাটতি বাজেটে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫। প্রস্তাবিত এ বাজেট উচ্চাভিলাষী নয় বলে মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক। তার মতে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং বেতন-ভাতা ও ব্যয় বৃদ্ধির বিবেচনায় প্রস্তাবিত প্রায় এক লাখ কোটি টাকার বাজেট গত বছরের তুলনায় খুব বড়ও নয়। মোস্তাফিজুর রহমান বলেন, "ব্যয়ের দিক থেকে এটি একটি জনকল্যাণমুখী বাজেট। রাজস্ব পুনর্বিন্যাসের দিক থেকে এটা বিনিয়োগবান্ধব বাজেট। কিন্তু উন্নয়নের দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটা রক্ষণশীল বাজেট। কেননা, আমাদের মতো দেশে ২৫ হাজার ৫০০ কোটি টাকার এডিপি খুব একটা বড় নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা যদি পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে না পারি তাহলে দেশে বিনিয়োগ বাড়বে না। জিপিডি প্রবৃদ্ধির কাক্সিক্ষত লক্ষ্যমাত্রাও অর্জিত হবে না।" বিদায়ী অর্থবছরের এডিপির মূল আকার ছিল ২৬ হাজার ৫০০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে তা ৯০০ কোটি টাকা কমানো হয়েছে। এ দিক দিয়ে বিচার করলে সরকার রক্ষণশীল হয়েছে বলে মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক। বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সব কর্মসূচি নেওয়া হয়েছে, তা যেন প্রকৃত সুবিধাভোগীরা পায় সে ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ তিনি। সামাজিক সুরক্ষা খাতে সরকারের ব্যয়কে জনকল্যাণমুখী মন্তব্য করে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, "সামাজিক সুরক্ষা খাতের প্রকল্প বাস্তবায়ন ও টার্গেট যাতে ঠিকভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি এ টাকা যেন অপচয় না হয় যেদিকেও খেয়াল রাখতে হবে।" একই সঙ্গে তিনি বলেন, "সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১৬ হাজার ৯৩২ কোটি টাকার যে বিশাল অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তা বাস্তবায়ন বর্তমান স্থানীয় সরকার দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকারের নিবিড় পর্যবেক্ষণ খুবই প্রয়োজন।" "সবচেয়ে বড় কথা হচ্ছে বাস্তবায়ন। যে বরাদ্দই দেওয়া হোক না কেন, তা যদি বাস্তবায়ন না হয় তাহলে কিছই হবে না", বলেন মোস্তাফিজুর রহমান। তিনি আরও বলেন, "নতুন বাজেটে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু এর মাধ্যমে দেশে কী পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে, তা সুস্পষ্ট হয়নি। তবে এবারের বাজেটে বিভিন্ন খাতের বরাদ্দের হিসাবে আগের যে কোনও বাজেটের চেয়ে স্পষ্টতা ও স্বচ্ছতা এসেছে। এর ফলে সরকার ঠিকমতো বাজেট বাস্তবায়ন করছে কি না, তা সহজেই বোঝা যাবে।" অপ্রদর্শিত আয় বৈধ করার সময় বাড়ানোর বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, "নতুন বাজেটে নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত ৭ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার যে সুযোগ দেওয়া হয়েছে, তা যেন এবারই শেষ সুযোগ হয়। কেননা, এ ধরনের সুযোগ সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।" জ্বালানি তেল, সার ও কৃষিপণ্যে দেওয়া ১৩ হাজার ৬৪১ কোটি টাকা ভর্তুকি প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধির কারণে এ ভর্তুকির পরিমাণ হয়তো আরও বেড়ে যাবে। সে পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা খুবই প্রয়োজন হয়ে দেখা দিতে পারে।" এক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের পরামর্শ, কম সুদে বা সহজে বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করা যেতো। ভ্যাট এবং আয়করের আওতা আরও বাড়ালে ভালো হতো। তিনি বলেন, "বিনিয়োগ বাড়াতে বাজেটে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এলাকাভিত্তিক কর অবকাশ সুবিধা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দাবির মুখে শুল্ক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এ সব বিবেচনায় প্রস্তাবিত বাজেটকে বিনিয়োগবান্ধব বলা যায়।" শিল্প পার্ক আরও না বাড়াতে পারলে শিল্পায়নের নতুন সুযোগগুলো কাজে লাগানো যাবে না বলে মোস্তাফিজুর রহমানের অভিমত। বাজেট ঘোষণার আগে সিপিডির পক্ষ থেকে নয়টি চ্যালেঞ্জের কথা বলা হয়েছিল জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেট দেখে মনে হয়েছে এগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। নির্বাহী পরিচালক আরও বলেন, প্রস্তাবিত বাজেটে সরকারের দারিদ্র্য বিমোচন কৌশলপত্র-১ (পিআরএসপি-১) এর প্রতিফলন ঘটেছে। পিআরএসপি-১ এর মেয়াদ চলতি জুন মাসেই শেষ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে পিআরএসপি-২ প্রণয়ন করে তার আলোকে ২০০৮-'০৯ অর্থবছরের বাজেট হলে ভালো হতো বলে মন্তব্য করেন তিনি। প্রস্তাবিত এ বাজেট সরকারের পক্ষে বাস্তবায়ন সম্ভব কিনা- সাংবাদিকদের প্রশ্ন করলে সরাসরি উত্তর না দিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, "দেশে যদি আগামী ডিসেম্বরে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, তাহলে এ বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। আর যদি রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তাহলে বিনিয়োগে অনিশ্চয়তা দেখা দেবে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রেও বড় ধরনের সমস্যা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এসকে/১৬৩৬ঘ.