২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিকন্ডিশনড গাড়ির দাম বাড়বে, দাবি বারভিডার

আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশনড গাড়ির শর্তে পরিবর্তন ও ডিলার কমিশন কমানোর কারণে এই শ্রেণীর গাড়ির দাম বেড়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, মাইক্রোবাস ছাড়া সব ধরনের গাড়ির দাম বেড়ে যাবে। নতুন বা রিকন্ডিশনড কোন গাড়িরই দাম কমার সুযোগ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 05:58 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

রুহুল আমিন রানা চট্টগ্রাম অফিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশনড গাড়ির শর্তে পরিবর্তন ও ডিলার কমিশন কমানোর কারণে এই শ্রেণীর গাড়ির দাম বেড়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, মাইক্রোবাস ছাড়া সব ধরনের গাড়ির দাম বেড়ে যাবে। নতুন বা রিকন্ডিশনড কোন গাড়িরই দাম কমার সুযোগ নেই। এর মধ্যে রিকন্ডিশনড গাড়ির বাজার ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এ শ্রেণীর গাড়ি আমদানিকারকরা। অপরদিকে ঘোষিত বাজেটে নতুন গাড়ি আনার শর্তে বড় ধরনের পরিবর্তনের ফলে এই শ্রেণীর গাড়ি আমদানিকারকরা আগের তুলনায় অনেক লাভবান হবেন বলে তারা মনে করেন। পুরনো গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ডের উপর চাপ সৃষ্টি করে পুরনো গাড়ির (রিকন্ডিশনড) সংজ্ঞায় বা শর্তে সময়সীমা ন্যূনতম এক বছর করা হয়েছে। এটিকে তারা নতুন গাড়ি ব্যবসায়ীদের জয় হিসেবে দেখছেন। ঘোষিত বাজেটে পুরনো গাড়ি আমদানির শর্তে পরিবর্তন আনা হয়েছে। আগে ১২০ দিনের ব্যবহৃত গাড়ি রিকন্ডিশনড (পুরনো গাড়ি) হিসেবে আমদানি করা হতো। এক বছরের পুরনো (৩৬৫ দিন) এবং ন্যূনতম এক হাজার কিলোমিটার না চললে তা রিকন্ডিশনড হিসাবে গণ্য করা হবে না বলে শর্ত যুক্ত করা হয়েছে। নতুন গাড়ির ব্যবসায়ীরা এ সময়ের সুযোগটি বেশি করে ভোগ করবেন মনে করে বারভিডা। বাংলাদেশ রিকন্ডিশনড ভ্যাহিক্যালস ইমপোর্টারস অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) মহাসচিব আব্দুল হামিদ শরীফ সোমবার ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন পুরনো সব ধরনের গাড়ির দামই বাড়বে। কোন ধরনের গাড়ির দাম কমার কোন সম্ভাবনা নেই। তবে নতুন শর্তের কারণে রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি।" তিনি জানান, পুরনো গাড়ির সংজ্ঞায় সময়সীমা ১২০ থেকে ৩৬৫ দিনে পুননির্ধারণ করায় প্রায় নতুনের মতো গাড়ি আগের মতো সুলভ দামে মিলবে না। আর এ শর্তের ফলে তা আনার সুযোগই বন্ধ হয়ে গেল। এতে করে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন বেশি। এছাড়া, ডিলার কমিশন ৩০ শতাংশ থেকে ২০ শতাংশে কমিয়ে দেওয়ায় ১০ শতাংশের উপর ভ্যাট বাড়বে এবং দামের ওপর কর দিতে হবে বলে তিনি জানান। হামিদ শরীফ আরও বলেন, "বছর ওয়ারী অবচয় (ডিপ্রিশিয়েশন) সুবিধা (এক বছরের পুরনো হলে পাঁচ শতাংশ, দুই বছর হলে ১০ শতাংশ, তিন বছর হলে ২০ শতাংশ এবং চার বছরের ক্ষেত্রে ৩০ শতাংশ) বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এসব কারণে এক থেকে তিন বছরের পুরাতন গাড়ির দামও বেড়ে যাবে।" গাড়ি আমদানির শর্তে পরিবর্তনে নতুন গাড়ি আমদানিকারকদের লাভ হবে উল্লেখ করে তিনি বলেন, "জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর চাপ সৃষ্টি করেই এটা করা হয়েছে।" বারভিডার সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রামের অন্যতম গাড়ি আমদানিকারক মাহবুবুল হক বাবর বলেন, "এখন থেকে কম দামে আর ভাল কন্ডিশনের গাড়ি পাওয়ার সুযোগ থাকবে না। ডিলার কমিশন কমানো মানে শুল্ক বাড়বে। স্বাভাবিক কারণে রিকন্ডিশনড গাড়ির দামও বেড়ে যাবে।" পুরনো গাড়ি আমদানির ক্ষেত্রে এক বছরের শর্ত জুড়ে দেওয়ায় নতুন গাড়ির আমদানিকারকরা সবচেয়ে বেশি লাভবান হবে বলে তিনিও দাবি করেন। মাহবুবুল হক বলেন, "মাইক্রোবাস ছাড়া সব ধরনের গাড়ির দাম বাড়বে। তবে গেজেট নোটিফিকেশন পাওয়ার পরই এ নিয়ে বিস্তারিত বলা যেতে পারে।" অপরদিকে বিলাসবহুল গাড়ি আমাদানির সম্পূরক শুল্ক পুনর্বিন্যস্ত করে যথাক্রমে ৬০, ১০০, ২৫০ ও ৩৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে নতুন বিলাসবহুল গাড়ির দাম বাড়বে বলে মনে করছেন নতুন গাড়ি আমদানিকারকরা। বাজেটে বিলাসবহুল নয়, তবে শিল্পের কাঁচামাল ও যাত্রী পরিবহনের ১৫০০ থেকে ১৮০০ সিসি পর্যন্ত সাধারণ মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে মাইক্রোবাসের দাম কমছে বলে জানিয়েছেন গাড়ি ব্যবসায়ীরা। বাজেট সামনে রেখে দেশের গাড়ি ব্যবসায়ীরা গত দুই সপ্তাহে প্রায় চার হাজার রিকন্ডিশনড গাড়ি আমদানি করেছেন। সোমবার সর্বশেষ ১৯৮৬টি গাড়ি নিয়ে জাপান থেকে আসা একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। স্থান সংকটের কারণে এতসব গাড়ি নিয়ে বেকায়দায় পড়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম শুল্ক ভবনের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর এপ্রিল মাসে দুই হাজার ৫৬৬টি এবং মে মাসে এক হাজার ৭৩৬টি গাড়ি আমদানি হয়েছিল। আর এ বছর এপ্রিলে চার হাজার ৭১৬টি এবং মে মাসে তিনি হাজার ৭৩৬টি গাড়ি আমদানি হয়েছে। বাজেটে শুল্কহার বাড়ানো হতে পারে এমন সম্ভাবনা থেকেই বাজেটের আগে একসঙ্গে বিপুল পরিমাণ গাড়ি আমদানি করা হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকালে বাজেট ঘোষণার পর বিষয়টি আরও নিশ্চিত হয়। গাড়ি আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, "বন্দরে জমা হওয়া বিপুল পরিমাণ গাড়ি পুরনো শুল্ক হারেই খালাস করা হবে। তবে নতুন বাজেটের কারণে গাড়ির ক্রেতা কমে যাবে। ব্যবসায়িক কৌশলের কারণে বেশি দামেই গাড়ি বিক্রি করবে আমদানিকারকরা। তিনি রিকন্ডশিনড গাড়ির শর্ত পরিবর্তনের সমালোচনা করে বলেন, "এটি নিতান্তই অদূরদর্শী সিদ্ধান্ত হয়েছে।" শহীদুল ইসলাম বলেন, "পুরনো গাড়ি ব্যবসায়ীদের কোন প্রস্তাবই রাখা হয়নি। এতে করে লাভবান হবে নতুন গাড়ি ব্যবসায়ীরা আর ক্রেতারাও বঞ্চিত হবেন কম দামে ভালো মানের গাড়ি সুবিধা ভোগ থেকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এমএসবি/এমএইচবি/২৩৫২ ঘ.