ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলার অভিযোগপত্র আগামী বুধবারের (১১ জুন) মধ্যে আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।
তিনি বলেছেন, "এ মামলার কাজ প্রায় চূড়ান্ত। এখন লেখার কাজ কিছুটা বাকি। ১১ জুনের মধ্যে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।"
সোমবার পুলিশ সদর দপ্তরে অপরাধ বিষয়ক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
পুলিশ প্রধান বলেন, "আর দেরি হবে না। পরশুর মধ্যে এই মামলার পুলিশের তদন্তের নিষ্পত্তি করা হবে। সে দিন আদালতে অভিযোগপত্র দেওয়ার পরপরই তা সাংবাদিকদের জানানো হবে।"
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ অন্তত ২২ জন নিহত হন।
এ মামলার তদন্তের ভার চাপে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওপর। হামলার কিছুদিন পর জজ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয়, সুব্রত বাইন প্রমুখ গ্রেনেড হামলার মূল হোতা। তখন বিষয়টি সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের 'সাজানো' বলে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
পরবর্তী সময়ে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান গ্রেপ্তার হওয়ার পর গ্রেনেড হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন। এর প্রেক্ষাপটে নতুন করে মামলার তদন্ত শুরু হয়।
সা
bdnews24