২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের স্বাস্থ্য বিষয়ে শিশুর নিজস্ব পর্যবেক্ষণকে গুরুত্ব দিন: ইউএনএফপিএ প্রতিনিধি

মায়ের স্বাস্থ্য ও পরিবারের কাজকর্মে বাবা-মার অংশগ্রহণের মতো বিষয়ে শিশুদের নিজস্ব পর্যবেক্ষণকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 08:58 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ের স্বাস্থ্য ও পরিবারের কাজকর্মে বাবা-মার অংশগ্রহণের মতো বিষয়ে শিশুদের নিজস্ব পর্যবেক্ষণকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন। শনিবার জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর উদ্যোগে পোস্টার অঙ্কন প্রতিযোগিতা-২০০৭ এর পুরস্কার বিতরণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থার আরকেন। তিনি তার ভাষণে বলেন, "মায়ের স্বাস্থ্য, পরিবারের বিভিন্ন কাজকর্মে বাবা-মার অংশগ্রহণ, এসব বিষয়ে প্রত্যেক শিশুর নিজস্ব পর্যবেক্ষণ ও মতামত আছে। তাই শিশুদের এসব বিষয়ের ওপর ছবি আঁকতে দিলে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভাবনার প্রকাশ ঘটায়।" সমাজ পরিবর্তনে এটি পরোক্ষভাবে হলেও একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন ইউএনএফপিএ প্রতিনিধি। আর্থার আরো বলেন, "শিশুরা অভিভাবকদের অনুসরণ করে। তাই ছোটবেলা থেকেই নারী-পুরুষের সমঅধিকার, সমঅংশগ্রহণ সম্পর্কে তাদের সামনে ভালো উদাহরণ তৈরি করা উচিৎ ।" তিনি বলেন, মায়ের স্বাস্থ্য, পুরুষের অংশগ্রহণ ইত্যাদি জনসংখ্যা উন্নয়ন বিষয়ের ওপর ছবি আঁকা দৃশ্যত কঠিন কাজ মনে হলেও ছোটরা এসব নিজেদের মতো করে সহজ করে ভাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক মোস্তাফিজুর হক ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী। সভাপতিত্ব করেন ইউএনএফপিএ-এর সহকারী প্রতিনিধি মো. নুরুল আমীন। অভিনেত্রী মৌসুমী বলেন, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষার জন্য তিনি তার পরিচিতিকে কাজে লগিয়ে সাধারণ মানুষকে আহবান জানাবেন, যাতে একজন মা-ও সন্তান জন্ম দিতে গিয়ে মারা না যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফডাব্লিউসি/এসকে/১৪৫১ঘ.