২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে চিকিৎসা: হাসিনা 'প্রয়োজনে' রাজি, খালেদা কোনোমতেই না

উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর চলমান সরকারি উদ্যোগের প্রেক্ষাপটে দুই নেত্রী দুরকম মত দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন চিকিৎসকরা বললে তিনি বিদেশ যেতে রাজি। তবে খালেদা জিয়া বিষয়টি সরাসরি নাকচ করে দিয়ে বলেছেন, দেশেই চিকিৎসা নিতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 08:35 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর চলমান সরকারি উদ্যোগের প্রেক্ষাপটে দুই নেত্রী দুরকম মত দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন চিকিৎসকরা বললে তিনি বিদেশ যেতে রাজি। তবে খালেদা জিয়া বিষয়টি সরাসরি নাকচ করে দিয়ে বলেছেন, দেশেই চিকিৎসা নিতে চান তিনি। কারাবন্দি দুই সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে বিদেশে পাঠানোর ব্যাপারে রোববার বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সকালে কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। কয়েকদিন আগে কিছুটা আকস্মিকভাবেই তিনজনের স্বাস্থ্য পরীক্ষার জন্য পৃথক মেডিক্যাল বোর্ড গঠন করে সরকার। শনিবার মেডিক্যাল বোর্ড বলেছে দুই নেত্রী এবং কোকোকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যেতে পারে। রোববার দুপুরে নাইকো মামলার শুনানি শেষে সংসদ ভবনের বিশেষ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ''আমি কেন বিদেশে যাব। দেশেই থাকব। দেশে অনেক ভাল ডাক্তার আছে, চিকিৎসা করাতে হলে দেশেই করাব।'' চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বিদেশে যাবেন কিনা জানতে চাইলে সাবেক প্রধানমন্ত্রী সরাসরি তা নাকচ করে দেন। তিনি বলেন,'' আমি কেন বিদেশে যাব। সেখানে আমার কিছু নেই। চিকিৎসা করতে হলে দেশে অনেক ভাল ডাক্তার আছে। দেশেই চিকিৎসা করাব। বিদেশে যাব না।'' তিনি সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন রাখেন, কে তাকে বিদেশে পাঠাতে চায়। সংবিধান সংশোধনের জন্য সরকারের উদ্যোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন বলেন,''সংবিধান সংশোধনের এখতিয়ার বর্তমান সরকারের নেই। যা কিছুই করা যাবে, তা নির্বাচিত সরকারই করবে। অন্য কারো কোনো অধিকার নেই।'' নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রোববার সকাল সোয়া ১১টায় বিশেষ আদালত ৯ এ হাজির করা হয়। অন্যদিকে শেখ হাসিনার আইনজীবী আব্দুল মান্নান খান বলেছেন, মেডিক্যাল বোর্ড বললে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্র যেতে আগ্রহী বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। রোববার সকালে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে শেখ হাসিনার সঙ্গে কথা বলে সাংবাদিকদের তিনি একথা বলেন। আব্দুল মান্নান খান বলেন, আওয়ামী লীগ সভানেত্রীর কানে যে শ্রবণ যন্ত্র (হিয়ারিং এইড) বসানো হয়েছিল তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোথাও তা পুনঃস্থাপন করা সম্ভব নয় বলে তিনি দাবি করেন। আইনজীবী আরো জানান, হাসিনার বাঁ চোখের অবস্থাও খুবই নাজুক। চোখটি দিয়ে অনবরত পানি ঝরে। এছাড়া তার রক্তচাপ খুবই ওঠানামা করছে। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে বৈঠক শেষে কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান জানান, দুই নেত্রী ও কোকোকে বিদেশ পাঠানোর ব্যাপারে রোববার বিকেলে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনকে প্রশ্ন করলে তিনি বলেন, "আমি কোন মন্তব্য করবো না"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এসএম/এসকে/১৪২২ঘ.