বাগেরহাট, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা পৌরসভার ফেরিঘাট ওয়াটার জেটি এলাকা থেকে শনিবার ভোরে ৩৬০ লিটার ডিজেলসহ চার চোরাকারবারীকে আটক করেছেন নৌ সেনারা।
আটককৃতরা হলেন- সালাম (৪৫), সেকেন্দার (৪৭), দুলাল (৩০) ও হালিম (৪২)। এদের সবার বাড়ি মংলা উপজেলার বিভিন্ন এলাকায়।
মংলা নৌ-কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার জহির রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌ-বাহিনীর সদস্যরা ফেরিঘাট ওয়াটার জেটি এলাকা থেকে ভোর ৫ টার দিকে ৩৬০ লিটার ডিজেলসহ চার তেল চোরাকারবারীকে আটক করেছে।
তিনি জানান, আটককৃতরা পাচারের উদ্দেশে জাহাজ থেকে ডিজেল চুরি করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
শনিবার সকালে তাদের মংলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে নৌ কর্মকর্তা জানান।
এ ব্যাপারে মংলা থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৫৩৩ ঘ.
bdnews24