ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযোগ্য মর্যাদায় শনিবার পালিত হচ্ছে ঐতিহাসিক ৬ দফা দিবস। পাকিস্তানী উপনিবেশিক শাসন-শোষণে নিষ্পেষিত বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত ৬-দফা দাবি আদায়ে ১৯৬৬ সালের ৭ জুন ঢাকাসহ সারা বাংলায় আওয়ামী লীগের ডাকে হরতাল পালিত হয়। হরতাল চলাকালে সৈন্যদের গুলিতে প্রাণ হারান ১১ জন।
৬ দফা দিবস উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামানসহ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে।
বিকাল সাড়ে তিনটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে দলের নীতিনির্ধারকরা বক্তব্য দেবেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এক বাণীতে ছয় দফা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বাণীতে তিনি বলেছেন, "৭ জুন বাংলার মানুষের সংগ্রাম ও আত্মত্যাগের এক গৌরবময় দৃষ্টান্ত। এ গৌরবময় দৃষ্টান্তের মৃত্যু নেই।"
৬ দফার আন্দোলন মূলত স্বাধিকারের আন্দোলন হলেও এর ধারাবাহিকতা ধরেই বাঙালি অচিরেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অভ্যুদয় হয় বাংলাদেশের।
১৯৬৬ সালের এই দিনে ছয় দফা বাস্তবায়নের দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে পূর্ণদিবস হরতাল ডেকেছিল আওয়ামী লীগ। হরতাল বানচাল করতে ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ মিছিলে গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে ঢাকার তেজগাঁওয়ে শ্রমিক নেতা মনু মিয়া ও ওয়াজিউল্লাহসহ ১১ জন নিহত হন। আহত হন অনেকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ছয় দফা ঘোষণা করেন ১৯৬৬ সালের ২ ফেব্র"য়ারি। এদিন লাহোরে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি তুলে ধরেন তিনি। প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান ছয় দফাকে পাকিস্তানের বিরুদ্ধে 'বিচ্ছিন্নতাবাদীদের ষড়যন্ত্র' আখ্যায়িত করে এর বিরুদ্ধে অবস্থান নেন। এদিকে বঙ্গবন্ধু ছয় দফার সমর্থনে সারা দেশে জনমত গড়ে তোলেন। দাবি আদায়ের লক্ষ্যে ৭ জুন আওয়ামী লীগ আহুত হরতালে প্রথমবারের মতো ছাত্র-শ্রমিক-জনতা সক্রিয়ভাবে অংশ নেন।
ছয় দফার ধারাবাহিকতায়ই আসে '৬৯ এর গণঅভ্যুত্থান, '৭০ এর নির্বাচন, '৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১০৪৩ঘ.
bdnews24