ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের মানুষ সবচে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বীকার করে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, কম আয়ের মানুষের ক্রয় ক্ষমতা বা আয় বাড়লেও সীমিত আয়ের মানুষের তা বাড়েনি। উল্টো ব্যয় বেড়েছে। তারা খুবই কষ্টে আছে। বিষয়টি বিবেচনায় রেখে আগামী বাজেটে সীমিত আয়ের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নেবে সরকার।
আগামী বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচরীদের জন্য মহার্ঘ্য ভাতার ঘোষণা থাকবে জানিয়ে উপদেষ্টা বলেছেন, বেসরকারি পর্যায়ের চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়াতে বাজেটে একটি দিক নির্দেশনাও থাকবে।
জেদ্দায় ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৩৩তম বার্ষিক সভায় যোগদান শেষে বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, "জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ফিক্সড ইনকাম গ্র"পের (সীমিত আয়ের) মানুষদের বেশি সমস্যা হচ্ছে। তারা খুবই কষ্টে আছে। তুলনামূলকভাবে নিম্ন আয়ের মানুষের সমস্যা কম হয়। যেমন, রিকশা ভাড়া আগের তুলনায় বেড়েছে। সরকারি উদ্যোগে বয়স্ক, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা দেওয়ার ফলে নিম্ন আয়ের মানুষ কিছুটা লাভবান হচ্ছে। এছাড়া নিম্ন আয়ের মানুষের অন্যান্য ক্ষেত্রেও মজুরি বেড়েছে। কিন্তু সীমিত আয়ের মানুষের ব্যয় বাড়লেও আয় বাড়েনি। এ কারণে তাদের দুর্ভোগও বেড়েছে।"
নতুন বাজেট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই মহার্ঘ্য ভাতার ঘোষণা থাকবে জানিয়ে তিনি বলেন, "বেসরকারি পর্যায়েও বেতনভাতা বাড়াতে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের উদ্যোগ নেওয়া উচিত। বাজেটে এজন্য আহ্বান থাকবে।"
আজিজুল ইসলাম বলেন, "অর্থনীতির ছাত্র হিসেবে আমি মনে করি দেশের মানুষকে অভুক্ত রেখে তথাকথিত উন্নয়ন বাজেট দিয়ে কোনো লাভ নেই। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা। তারপর উন্নয়ন। বিষয়টি বিবেচনায় রেখে চলতি বছরের মতো নতুন অর্থবছরের বাজেটেও খাদ্য, জ্বালানি তেল, সারসহ অন্যান্য খাতে ভর্তুকি বাড়ানো হবে।"
বাজেট দিয়ে জিনিসপত্রের দাম কমানো যায় না- মন্তব্য করে তিনি বলেন, "জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে চাল, গমসহ অনেক পণ্যের আমদানি শুল্ক ইতোমধ্যে শূন্যে নামিয়ে আনা হয়েছে। কিন্তু তারপরও জিনিসপত্রের দাম কমেনি। আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বাড়ালে স্থানীয় বাজারেও দাম বাড়বে।"
তিনি বলেন, "বিশ্ববাজার পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যাচ্ছে আগামীতে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি মোটামুটি অনুকূলে থাকবে। ইতোমধ্যে গমের দাম খানিকটা কমেছে। জ্বালানি তেলের দামও গত দু'তিন দিনে কিছুটা কমেছে। চালের দামও খুব একটা বাড়বে না বলে আভাস পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে আগামীতে মূল্যস্ফীতি দুই অঙ্কের নিচে নেমে আসবে বলে আশা করছি।"
আগামী বাজেট করতে তিনটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "এগুলো হচ্ছে খাদ্য, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি তেলের আন্তর্জাতিক দর।"
নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানো হবে বলে জানান মির্জ্জা আজিজুল।
তিনি বলেন, "গরিব মানুষের জন্য কর্মসংস্থানের নিশ্চয়তা সংক্রান্ত একটি স্কিম নেওয়া হবে। এর মাধ্যমে পরিবারের একজনকে তার পরিবার চালানোর জন্য মজুরি হিসেবে প্রয়োজনীয় টাকা দেওয়া হবে। সরকার তাদের কাজ দিতে না পারলেও টাকা দেবে।"
তিনি জানান, জ্বালানি তেল আমদানির জন্য আইডিবি বাংলাদেশকে লাইবর রেটের (লন্ডন ইন্টারব্যাংক অফারড্ রেট) সঙ্গে এক দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ দিতে রাজি হয়েছে। এছাড়া, তারা বাংলাদেশকে প্রতিবছর দেড় বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে। এতদিন তারা প্রতিবছর এক বিলিয়ন ডলার করে ঋণ দিত।
বিমানবন্দরে অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরীসহ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসএনডি/১৭২৮ ঘ.
bdnews24