ফরিদপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ে বাড়িতে আসামি গ্রেপ্তার করতে গিয়ে নাজেহাল হতে হল ফরিদপুর কোতয়ালি থানার দুই পুলিশ সদস্যকে। বিয়েতে আমন্ত্রিতরা সাদা পোশাকের দুই পুলিশকে মারধর শুরু করলে সুযোগ বুঝে চম্পট দেয় আসামি বায়জিদ (৩৫)। পুলিশ নাকালের ঘটনায় পরে অবশ্য ওই বাড়ি থেকে সোনা মিয়া (৪২) ও আব্দুস সামাদ (৪০) নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালালউদ্দিন জানান, কুষ্টিয়ার বায়েজিদ একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার মহারাজপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে আসে। প্রথম স্ত্রী সনজিদা মণ্ডলের একটি যৌতুক মামলায় সে এতদিন পলাতক ছিল।
ওসি বলেন, "বায়েজিদের আসার খবর পেয়ে কোতয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলালউদ্দিন ও একজন পুলিশ কনস্টেবল সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করতে যায়। কিন্তু হাতকড়া পরানোর সময় বায়েজিদ দুই পুলিশকে মারধর শুরু করলে গ্রামবাসীও তার সঙ্গে যোগ দেয়। এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যায় সে। এ ঘটনা জানতে পেরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দুই সহকর্মী উদ্ধার এবং সোনা মিয়া ও আব্দুস সামাদকে গ্রেপ্তার করে।"
গ্রেপ্তার হওয়া দু'জনের বিরুদ্ধে আসামি ছিনিয়ে নেওয়া এবং কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হবে বলে জানান মো. জালালউদ্দিন।
এ ব্যাপারে কৃষ্ণনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লোকমান হোসেন জানান, গ্রামবাসী সাদা পোশাকের পুলিশকে চিনতে না পারায় বাধা দিয়েছে। মারধর করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৪৫ ঘ.
bdnews24