ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (নিরাপত্তা) পদে প্রেষণে নিযুক্ত বিমান বাহিনীর উইং কমান্ডার তৌমিদ আজিজ খানকে প্রত্যাহার করে তার পুরনো কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এ আদেশ জারি করে।
এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ইকোনোমিক মিনিস্টার (যুগ্ম-সচিব) মাহমুদুল করিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সংস্থাপন মন্ত্রণালয়ে নিয়োগের আদেশটি আগামী ২২ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। গত ১১ ফেব্র"য়ারি তাকে ওএসডি করার আদেশ দেয়া হয়েছিল।
এছাড়া প্রশাসনের বিভিন্ন পদে রদবদল আনা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব বজলুর রহমানকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের প্রকল্প পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিবের পদ থেকে প্রত্যাহার করে তথ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তা মেজর নূরুল আমিন ও মেজর আনিসুর রহমানকে জরিপ অধিদপ্তরের সহকারী জরিপ কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৯২২ ঘ.
bdnews24