চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাবেক বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. তপন কুমার দে আদালতে আত্মসমর্পণ করেছেন।
বুধবার দুপুরে মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহর আদালতে হাজির হয়ে তপন কুমার জামিনের আবেদন জানান। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বন কর্মকর্তা তপন কুমার দে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি ও মহানগর পিপি আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদকের দায়ের করা সম্পদ বিবরণী মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য বিচারক আগামী ১১ জুন তারিখ দিয়েছেন।
গত বছরের ২৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশন থেকে ড. তপন কুমার দে-কে সম্পত্তির হিসাব জমা দেয়ার নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি হিসাব বিবরণী দাখিল না করায় একই বছরের ১৮ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক আবুল কালাম আজাদ ডবলমুরিং থানায় একটি মামলা করেন।
২০০৮ সালের ২৮ মে সাবেক এ বন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/১৮৪১ ঘ.
bdnews24