সিরাজগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি এলাকায় বগুড়া-নগরবাড়ী সড়কে বুধবার ভোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, বাসের সহকারী নয়ন (৩২) ও সিলেট জেলার মৌলভীবাজার এলাকার শুকুর আলী।
হাটিকুমরুল মহাসড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা তোজাম্মেল হোসেন বলেন, ভোর ৪টার দিকে সৈয়দপুর থেকে ঢাকাগামী কেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে রায়গঞ্জ থেকে ময়মনসিংহগামী মাছ বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
নয়ন (৩২) ও শুকুর আলী ঘটনাস্থলেই মারা যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১১৫২ ঘ.
bdnews24