২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ঘুষ নেওয়ার অভিযোগে সওজ'র দুই প্রকৌশলী গ্রেপ্তার

এক ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মঙ্গলবার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দুই প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

বগুড়া, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মঙ্গলবার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দুই প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এরা হলেন- সওজ বগুড়া সার্কেলের (কারখানা ও সরঞ্জাম) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুর রহমান ও একই বিভাগের প্রাক্কলন কর্মকর্তা (উপ-সহকারী প্রকৌশলী) মো. সিরাজুল ইসলাম। শহরের রহমান নগরে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বগুড়া যৌথবাহিনীর উপ-অধিনায়ক মেজর কামরুজ্জামান তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে জানান, বগুড়া ও নাটোর সড়ক বিভাগের অধীন ৪টি রোলার মেরামত ও সরবরাহের জন্য বরাদ্দ সাড়ে ১১ লাখ টাকার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পক্ষে প্রাক্কলন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম নওগাঁর ঠিকাদার সিরাজুল ইসলামের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। মঙ্গলবার পূর্ব নির্ধারিত সময়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে প্রাক্কলন কর্মকর্তার হাতে এক লাখ টাকা তুলে দেওয়ার সময় যৌথবাহিনী তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। তার দেওয়া লিখিত স্বীকারোক্তি অনুযায়ী পরে তত্ত্বাবধায়ক প্রকৌশলীকেও আটক করা হয়। প্রেস ব্রিফিং উপস্থিত ঠিকাদার সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুর রহমান একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি ইতোপূর্বেও অনেকের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন"। তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি এর কিছুই জানি না"। ফজলুর রহমানের মেয়ে ফারজানা রহমান বলেন, "আমার বাবা একজন সৎ কর্মকর্তা। ঢাকায় আমাদের একটি বাড়ি ঋণের টাকায় করা হয়েছে। বাবাকে ফাঁসানোর জন্যেই এই ঘটনার অবতারণা করা হয়েছে বলে আমার বিশ্বাস। এ ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৫ ঘ.