ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে 'ধীরে চলো' নীতি অনুসরণ করা হচ্ছে। সঙ্কটের কারণে বিদ্যুৎ সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্থানীয় অফিসগুলোকে নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে ধীরগতি অনুসরণ করার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপাতত নতুন সংযোগ দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যেগুলো না দিলেই নয় তা দেওয়া হচ্ছে।"
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, উৎপাদনে ঘাটতির কারণেই এ নীতি অনুসরণ করা হচ্ছে। সঙ্কটের কারণে বিদ্যমান সংযোগেই বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। এ জন্য নতুন করে বিতরণ লাইন স্থাপন না করার জন্য বলা হয়েছে। মূলতঃ গৃহস্থালী ও শিল্প সংযোগে ধীর গতি অনুসরণ করা হচ্ছে। তবে কৃষিখাতে সংযোগ প্রদান অব্যাহত রাখতে বলা হয়েছে।
পিডিবির হিসাব অনুসারে বর্তমানে গড়ে ৩৩০০-৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কারিগরি 'লস' বাদ দিলে উপকেন্দ্রে বিদ্যুৎ পাওয়া যায় আরও কম। সোমবার ৩৩৭৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও উপকেন্দ্রে পাওয়া গেছে ২৯৩০ মেগাওয়াট। বর্তমানে মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৭৩৫ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে। গ্যাস স্বল্পতার কারণে উৎপাদন কমে গেছে ৩৬৪ মেগাওয়াট।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর যতটুকু সামর্থ আছে তাই তারা সরবরাহ করতে পারে। এর বেশি না।"
বিদ্যুৎ বিভাগের হিসাব অনুসারে ২০০৭ সালে আগের বছরের তুলনায় নতুন বিতরণ লাইন স্থাপন এবং সংযোগের পরিমাণ ও সংখ্যা কম ছিল। ২০০৬ সালে ১২ হাজার ৮৬১ কিলোমিটার নতুন বিতরণ লাইন স্থাপন করা হয়। ২০০৭ সালের এর পরিমাণ ছিল মাত্র ৩ হাজার ৪৪৭ কিলোমিটার।
২০০৬ সালে সারা দেশে নতুন বিদ্যুতের সংযোগ দেওয়া হয় ৮ লাখ ৪৭ হাজার ১টি। ২০০৭ সালে কমে তা দাড়ায় ৭লাখ ২৮ হাজার ৭৪৭ টি। এ সময়ে পল্লী বিদ্যুৎ ছাড়াও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নতুন সংযোগ প্রদানে ধীরে চলো নীতি অনুসরণ করে।
আরইবি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেলে আরইবির আওতায় সব ধরনের নতুন সংযোগ দেওয়া বন্ধ রাখা হয়। পরে পর্যায়ক্রমে কৃষি, পোলট্রি ও রপ্তানিমুখী খাতে সংযোগ দেওয়া শুরু হলেও গৃহস্থালী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংযোগ প্রদান বন্ধ ছিল।
১ এপ্রিল থেকে বিদ্যুৎ বিভাগ আরইবিকে নতুন সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু বিদ্যুৎ সঙ্কটের কারণে ধীরে ধীরে সংযোগ দেওয়া হচ্ছে।
আরইবির হিসাব অনুসারে বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা ৭০ লাখ। এর মধ্যে গৃহস্থালী সংযোগ সবচেয়ে বেশি- ৬০ লাখ। বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংযোগ রয়েছে ৫ লাখ। এছাড়া কৃষিতে ২ লাখ ও শিল্প প্রতিষ্ঠানে ২ লাখ সংযোগ রয়েছে। পিডিবির অধীনে গ্রাহক সংখ্যা ১৬ লাখের বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৪৫ঘ.
bdnews24